বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা
ইত্তেফাক রিপোর্ট
কুটিরশিল্প, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি খাতের গ্রাহকদের ঋণ পাওয়ার ক্ষেত্রে সহায়ক জামানত হিসেবে ব্যক্তিগত গ্যারান্টির বিষয়টি আরো সহজ করল বাংলাদেশ ব্যাংক। গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো ঐ প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসএমই ঋণ দেওয়ার ক্ষেত্রে সুনির্দিষ্ট ব্যক্তির গ্যারান্টি দেওয়ার ব্যাপারে ক্ষুদ্র উদ্যোক্তাদের কোনো ধরনের চাপ দেওয়া যাবে না। গ্রাহকদের বাধ্যও করা যাবে না। ক্ষুদ্র উদ্যোক্তাদের জামানতবিহীন ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যক্তিগত গ্যারান্টিকে সহায়ক জামানত হিসেবে বিবেচনা করার নির্দেশনা আগের প্রজ্ঞাপনেই দেওয়া ছিল। পাশাপাশি গ্রাহককে একের বেশি ব্যক্তিগত গ্যারান্টি দেওয়ার ক্ষেত্রে বাধ্য না করার বিষয়ও উল্লেখ করা আছে; কিন্তু দেখা যাচ্ছে, ব্যাংকগুলো একের বেশি ও সুনির্দিষ্ট ব্যক্তির যেমন উচ্চপদস্থ কর্মকর্তা, বিত্তবান আত্মীয়স্বজন, স্বামী-স্ত্রী ইত্যাদি গ্যারান্টি দেওয়ার জন্য গ্রাহককে চাপ দেওয়া হচ্ছে। ফলে ক্ষুদ্র উদ্যোক্তারা একদিকে ঋণ পাওয়া থেকে বিরত থাকছে, অন্যদিকে এই খাতের উন্নয়নও বাধাগ্রস্ত হচ্ছে। উল্লেখ্য, সাধারণত জামানত ছাড়া ব্যাংক কোনো ঋণ দেয় না। তবে, বিশেষ কাজে প্রশিক্ষণপ্রাপ্ত এসএমই খাতের নতুন উদ্যোক্তাকে জামানত ছাড়া ঋণ দিতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা রয়েছে। বিনা জামানতে এক নারী উদ্যোক্তাকে ২৫ লাখ এবং পুরুষ উদ্যোক্তাকে ১০ লাখ টাকা ঋণ দেওয়ার বিধান রয়েছে। এক্ষেত্রে ঋণের জন্য ব্যাংকের কাছে গ্রহণযোগ্য কোনো ব্যক্তিকে গ্যারান্টার হতে হয়। এর পরেও বাড়তি গ্যারান্টার চায় অনেক ব্যাংক। এ বিষয়ে গ্রহকদের চাপ দেওয়া বা বাধ্য না করার নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক।
