চট্টগ্রামে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এসএমই ফেয়ার শুরু কাল

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ২১:৫৬

চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম চেম্বার আয়োজিত তিন দিনব্যাপী চতুর্থ ইন্টারন্যাশনাল এসএমই ফেয়ার বাংলাদেশ-২০১৯ আগামীকাল শনিবার থেকে আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শুরু হচ্ছে। বেলা ১১টায় মেলা উদ্বোধন করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীন। এবার প্রাইম জোনে ১৯টি ও জেনারেল জোনে ৩৮টি স্টল অংশ নিচ্ছে। এর মধ্যে সাতটি ব্যাংক, প্লাস্টিক, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, কৃষিপণ্য, কৃষি প্রযুক্তি, হ্যান্ডিক্রাফটস, জামদানি, প্যাকেজিং, প্রক্রিয়াজাত খাদ্য, পর্যটন, কুমিল্লার খাদি, রংপুরের শতরঞ্চি নিয়ে ৪৫টির বেশি প্রতিষ্ঠান থাকবে। এই উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার বিকালে বঙ্গবন্ধু কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মেলার আয়োজক চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। তিনি বলেন, প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তাদের দেশীয় পণ্যের প্রদর্শন, বিপণন ও রফতানির মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশ ও ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে এসএমই ফেয়ারের আয়োজন। তিনি জানান, মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। ২১-২৩ ডিসেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চেম্বারের পরিচালক সৈয়দ জামাল আহমেদ, অহিদ সিরাজ চৌধুরী স্বপন, মহিউদ্দিন চৌধুরী, সাইফুল আলম খান, সিটি ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক প্রধান কায়েশ চৌধুরী প্রমুখ।