বিবিসি ও রয়টার্স
অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়া দাবানল ও তাপমাত্রা বৃদ্ধি ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর জন্য ‘গুরুতর’ হুমকি হয়ে দাঁড়ানোয় নিউ সাউথ ওয়েলস রাজ্যে সাত দিনের জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটিতে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ পরিস্থিতি আরো ভয়াবহ করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভয়াবহ খরা এবং দাবদাহ মোকাবিলায় হিমশিম অস্ট্রেলিয়ায় মঙ্গলবার সর্বোচ্চ গড় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৪০ দশমিক ৯ ডিগ্রি। এটা ছিল ২০১৩ সালের ৭ জানুয়ারি দেশটির সর্বোচ্চ গড় তাপমাত্রা ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসের বেশি।
গত মঙ্গলবার দেশের সর্বোচ্চ গড় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪০ দশমিক ৯ ডিগ্রি। বৃহস্পতিবার ও এ সপ্তাহের শেষ দিকে আরো তাপপ্রবাহ আসতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।
পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কায় সাত দিনের জরুরি অবস্থা ঘোষণা করেছেন নিউ সাউথ ওয়েলসের রাজ্য সরকার। এর আগে গত নভেম্বরে রাজ্যটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। জরুরি অবস্থা জারি হওয়ায় অগ্নিনির্বাপণ কর্তৃপক্ষ সমস্যা মোকাবিলায় বাড়তি শক্তি পাবে। অস্ট্রেলিয়ার তাপপ্রবাহকে সবচেয়ে মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ধরা হয়। দাবানল বা বন্যার চেয়ে এতে দেশটির বেশি মানুষের প্রাণহানি ঘটে।
