রয়টার্স
মেক্সিকোর হ্যালিসকো রাজ্যের এক মহাসড়কে ট্রাকের সঙ্গে ভ্যানের সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত ও ১২ জন আহত হয়েছে। ট্রাকের সঙ্গে ধাক্কা লাগার পর ভ্যানটিতে আগুন ধরে যায় বলে বুধবার কর্মকর্তারা ও স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
এক বিবৃতিতে হ্যালিসকো রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, মহাসড়কের একপাশে গাছের গুঁড়িভর্তি দাঁড়ানো একটি ট্রাকের ওপর চলন্ত একটি নিশান ভ্যান এসে প্রচণ্ড জোরে ধাক্কা দেওয়ার পর আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলে ১৪ জন নিহত হয়। নিহতদের মধ্যে বেশির ভাগই পুরোপুরি দগ্ধ হয়ে গেছে। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে এক শিশুও রয়েছে। তাদের হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত এক ফটো সাংবাদিক জানিয়েছেন, ধ্বংস হয়ে যাওয়া গাড়ি থেকে মৃতদেহগুলো বের করে মর্গে পাঠানো হয়েছে।
