‘বঙ্গবন্ধু বাংলাদেশের অস্তিত্বের বাতিঘর’

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ২২:০৬

পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচন

ইত্তেফাক রিপোর্ট

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষ্যে পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার চামেলিবাগে বাংলাদেশ ফাউন্ডেশন অব ডেভেলপমেন্ট রিসার্চের রহিমা চৌধুরানী সম্মেলন কক্ষে বইগুলোর মোড়ক উন্মোচন করেন সাংবাদিক-প্রাবন্ধিক আবদুল গাফ্ফার চৌধুরী। অনুষ্ঠানে সম্পাদনা পরিষদের পক্ষে কথা বলেন কবি আসাদ মান্নান। লেখক  মোনায়েম সরকারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী ওসমান গনি| অনুষ্ঠানে বইগুলোর ওপরে ব্যবহূত বিশেষ লোগোর উন্মোচন করা হয়| মোড়ক উন্মোচিত হওয়া বই পাঁচটি হলো ‘বঙ্গবন্ধু : শতবর্ষে শতকবিতা’,  ‘বঙ্গবন্ধু : শতবর্ষে শতপ্রবন্ধ’,  ‘বঙ্গবন্ধু : শতবর্ষে শতগল্প’,  ‘বঙ্গবন্ধু : পঁচাত্তর ট্র্যাজেডি (রক্তরঞ্জিত শতপ্রবন্ধ)’ এবং ‘শতবর্ষে বঙ্গবন্ধুর শতভাষণ’| বাংলাদেশ ফাউন্ডেশন অব ডেভেলপমেন্ট রিসার্চ ও আগামী প্রকাশনীর যৌথ উদ্যোগে প্রকাশিত বইগুলোর সম্পাদনা পরিষদের সদস্যরা হলেন আবদুল গাফ্ফার চৌধুরী, মোনায়েম সরকার, হাসনাত আবদুল হাই, ড. সৈয়দ মোহাম্মদ শাহেদ, কবি আসাদ মান্নান, সিরাজুল ইসলাম মুনির ও সৈয়দ জাহিদ হাসান। আবদুল গাফ্ফার চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর আদর্শ মুছে ফেলা সম্ভব নয়| বঙ্গবন্ধুর আদর্শ ও জীবনচর্চা নানাভাবে নতুন প্রজন্মের মধ্যে প্রবেশ করাতে হবে| বঙ্গবন্ধু বাংলাদেশের অস্তিত্বের প্রতীক| তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকে প্রজন্মের মধ্যে বাঁচিয়ে রাখতে হবে| তা না হলে যে চার নীতির ওপর বাংলাদেশ স্বাধীন হয়েছিল,  সেটার মূলোত্পাটন করা হবে| সে সঙ্গে বাংলাদেশ পাকিস্তানের অঙ্গরাজ্যে পরিণত হবে|

আসাদ মান্নান বলেন, বঙ্গবন্ধু আমাদের নেতৃত্বের বাতিঘর| তার নেতৃত্বে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়েছে| তার আদর্শ ও স্বপ্ন ধারণ করেই এগিয়ে যাবে দেশ। মোনায়েম সরকার বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের মহান স্থপতি| দেশ-বিদেশে তাকে নিয়ে অনেক কাজ হচ্ছে| এটা আমাদের জন্য গৌরবের| ওসমান গনি বলেন, আমরা চাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ ধারণ করে এগিয়ে যাক|