বাসের ধাক্কায় নিহত ১

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ২২:০৮

ইত্তেফাক রিপোর্ট

মুন্সীগঞ্জ সদরের একটি প্রাইমারি স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফ উদ্দিন দেওয়ান (৬৭)। বর্তমানে সূচনা ডেভেলপার নামে রাজধানীর একটি কোম্পানিতে চাকরি করতেন। গতকাল বৃহস্পতিবার সকালে ঐ অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। কিন্তু অফিসে আর যাওয়া হয়নি। বেপরোয়া বাসের ধাক্কায় নিভে গেছে তার জীবন প্রদীপ। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে আসাদগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের ভাগিনা সোহেল রানা জানান, আশরাফ উদ্দিনের বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার খালপাড় গ্রামে। বর্তমানে রাজধানীর কল্যাণপুরের একটি বাসায় পরিবারসহ থাকতেন। গতকাল সকালে বাসা থেকে ফার্মগেট অফিসে যাচ্ছিলেন তিনি। তখন আসাদগেটে রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাকে ধাক্কা দেয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা খবর পেয়ে তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক সকাল ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

শেরেবাংলা নগর থানার এসআই সুজন বিশ্বাস জানান, আশরাফ উদ্দিন পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার সময় গাবতলীর দিক থেকে আসা প্রজাপতি পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পরপরই ট্রাফিক পুলিশ বাসটি জব্দ করেছে। তবে এর চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।