পিকনিকের নাম করে গোপনে রোকন সম্মেলন চলাকালে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার স্বপ্নপুরী পিকনিক স্পট থেকে জামায়াতের ৭৬ জন নেতাকর্মীকে আটক করে পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত তাদের আটক করা হয়। এসময় বেশকিছু ইসলামিক বই, লিফলেট, তাদের ব্যবহূত দুইটি মিনিবাস, তিনটি প্রাইভেট কার ও বেশ কয়েকটি মোটরসাইকেল আটক করা হয়।
নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান জানান, পিকনিকের নাম করে বৃহস্পতিবার স্বপ্নপুরীর ভেতরে রোকন সম্মেলন করতে যায় জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা জামায়াতের আমির মোস্তাফিজুর রহমানসহ দিনাজপুুর ও জয়পুরহাট জামায়াতে ইসলামীর ৭৬ জন নেতা ও রোকন সদস্য। গোপন তথ্যের ভিত্তিতে দুপুর ২টার দিকে রোকন সম্মেলন চলাকালে পুলিশ তাদের ঘিরে ফেলে। প্রায় ২ ঘণ্টা অভিযান চালিয়ে সেখান থেকে তাদেরকে আটক করে নবাবগঞ্জ থানায় নিয়ে আসা হয়।
এসময় সেখান থেকে বেশকিছু ইসলামিক বই, লিফলেট ও তাদের ব্যবহূত এসব মিনিবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেল আটক করা হয়। নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
