বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়াকে জেলে রেখে গণতন্ত্র কখনোই মুক্তি পাবে না। সরকার খালেদা জিয়াকে ভয় পায় বলেই তাকে জেলে রেখেছে। তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হলে এই সরকারের বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তুলতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার নিজেরাই মুক্তিযোদ্ধাকে রাজাকার আর রাজাকারকে মুক্তিযোদ্ধা বানাচ্ছে। তিনি গণতন্ত্র উদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। তিনি গতকাল বৃহস্পতিবার নরসিংদীর একটি কমিউনিটি সেন্টারে প্রয়াত আবদুল মোমেন খান স্মৃতি সংসদ আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জাসদ সভাপতি আসম আব্দুর রব।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনজুর এলাহী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন ভূঁইয়া ইরান, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সুলতান উদ্দিন মোল্লা, জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) জয়নুল আবেদীন, জামাল আহমেদ চৌধুরী, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সাবেক সাধারণ সম্পাদক আকরামুল ইসলাম মিন্টু, সাবেক ছাত্রনেতা ফেরদৌস আহমেদ খোকন, আবদুল মোমেন খান স্মৃতি সংসদের আহ্বায়ক বাবুল সরকার, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন মৃধা প্রমুখ।
সভায় নরসিংদী জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টারসহ কমিটির অধিকাংশ নেতা অনুপস্থিত ছিলেন।
