ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং নাগরিকত্ব আইন সংশোধন করতে চেয়েছিলেন। ২০০৩ সালে তত্কালীন বিরোধী দলনেতা হিসেবে এ নিয়ে পার্লামেন্টে সরবও হয়েছিলেন তিনি। এ বিষয়ে মনমোহন সিংয়ের বক্তব্য পেশের একটি ভিডিও টুইট করে এমনই দাবি করেছে বিজেপি। নাগরিকত্ব (সংশোধিত) আইন নিয়ে দেশ জুড়ে প্রতিবাদের সরব হয়েছে কংগ্রেস। তাদের পাল থেকে হাওয়া কেড়ে নিতেই বিজেপির এই চাল বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
গত সপ্তাহে পার্লামেন্টের দুই কক্ষে পাশ হয়েছে নাগরিকত্ব বিল। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের স্বাক্ষরের পর তা আইনে পরিণত হয়েছে। কিন্তু এই আইন প্রত্যাহারের দাবিতে দেশ জুড়ে বিক্ষোভ চলছে। এই আইনের বিরুদ্ধে সরব হয়েছেন বিশিষ্টজনরা। গতকাল কলকাতা, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরুসহ ১০টি শহরে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে পথে নামেন তারা। এই পরিস্থিতিতে গতকাল বিজেপির আইটি সেলের পক্ষ থেকে ভিডিওটি টুইট করা হয়।
ভিডিওটিতে দেখা যায়, ২০০৩ সালে রাজ্যসভায় দাঁড়িয়ে মনমোহন সিং বলেছেন, ‘প্রতিবেশী দেশ পাকিস্তান, বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। নাগরিকত্ব আইন বদল হলেই সেটা সম্ভব হবে। শরণার্থীদের ভারতের নাগরিকত্ব দেওয়ার পক্ষেও কথা বলেন তিনি। তাকে বলতে শোনা যায়, ‘দেশভাগের পর থেকেই বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোতে সংখ্যালঘুদের ওপর অত্যাচার করা হয়েছে। পরিস্থিতির চাপে তারা আমাদের দেশে আশ্রয় নিয়েছেন। মানবিকতার খাতিরে এই মানুষগুলোকে আশ্রয় দেওয়ার কথা আমাদের ভাবা দরকার। এবিষয় আমাদের আরো উদারমনস্ক হওয়া দরকার।’ পরে তত্কালীন বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনাকে অনুরোধ করব এ বিষয়ে বিশেষ নজর দেওয়ার। পাকিস্তানের সংখ্যালঘুরাও অত্যাচারিত হচ্ছেন। তাদের কথাও ভেবে দেখা হোক।’—এনডিটিভি
