পাকিস্তানের বিশেষ আদালত রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দেশটির সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফের মৃত্যুদন্ড দিয়েছে। তবে এর পাশাপাশি এক প্রতীকী আদেশও দিয়েছে। এতে বলা হয়েছে, রায় অনুযায়ী যদি মৃত্যুদন্ড কার্যকর হওয়ার আগে মোশাররফের মৃত্যু হয়, তাহলে মৃতদেহ পার্লামেন্টে টেনে নিয়ে ডি-চক এ যেন তিনদিন ঝুলিয়ে রাখা হয়। পাকিস্তানের পার্লামেন্টের বাইরেই হচ্ছে ডি-চক এলাকা।
মঙ্গলবার এই সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে রায় প্রকাশ করা হলেও গতকাল বৃহস্পতিবার প্রকাশ করা হয় রায়ের ১৬৯ পাতার বিস্তারিত বিবরণ। রায়ের একটি অংশে এই প্রতীকী আদেশটি আছে। মোশাররফ বর্তমানে দুবাইয়ে আছেন। আদালত তাকে একাধিকবার হাজির হওয়ার নির্দেশ দিলেও তিনি হাজির হননি। ধারণা করা হচ্ছে, একারণে তার প্রতি ভীষণ ক্ষুব্ধ আদালত। তবে মোশাররফ বলেছেন, অন্যায়ভাবে তাকে দোষী সাব্যস্ত করে সাজা দেয়া হয়েছে। -ইন্ডিয়ান এক্সপ্রেস
