তরুণদের নিয়ে ভিন্ন আয়োজনে আওয়ামী লীগের সম্মেলনে সিআরআই

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ১৩:২৮

তরুণদের নিয়ে বরাবরের মতই ভিন্ন ধারার কাজ করে আসছে বাংলাদেশ আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)। আজ ২০ ডিসেম্বর থেকে শুরু হওয়া আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের প্রথম দিন সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত তরুণদের নিয়ে আয়োজন করা হয় সিআরআই-এর অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান ‌'লেটস টক'।

‌'তারুণ্যের ভাবনায় বাংলাদেশের রাজনীতি' শিরোনামে আয়োজিত এবারের 'লেটস টক' অনুষ্ঠানে তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, আইসিটি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান, সংসদ সদস্য নাহিম রাজ্জাক এবং সংসদ সদস্য ফজিলাতুন নেসা বাপ্পী।

আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে এবং বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে তরুণদের সঙ্গে উন্মুক্ত আলোচনা করা হয়। এখানে তরুণদের রাজনীতিতে অংশগ্রহণের বিষয়টি বেশ গুরুত্ব পায়। সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ২৫০ জন শিক্ষার্থী এই 'লেটস টক' অনুষ্ঠানে নিজেদের মতামত জানায়।

আওয়ামী লীগের সম্মেলনে লেটস টক

এর পাশাপাশি তীব্র শীত উপেক্ষা করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে অংশ নিচ্ছে নেতাকর্মী ও সাধারণ মানুষ। দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে সিআরআই-এর ইতিহাস ভিত্তিক স্থাপনাগুলো। বিশেষত বাংলাদেশ আওয়ামী লীগের উপর নির্মিত ডকুমেন্টারি প্রদর্শনের জন্য তৈরি পৃথক হলরুম দর্শকের ভিড় ছিলো লক্ষণীয়। এ ছড়াও অন্যান্য স্থাপনাগুলোর সামনে দাঁড়িয়ে থেকে ছবি তোলা বা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক উক্তিগুলো পড়তে দেখা গেছে উপস্থিত নেতাকর্মী ও দর্শনার্থীদের।

আওয়ামী লীগের জাতীয় সম্মেলন

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে শীত উপেক্ষা করে দর্শনার্থীরা। ছবি: সিআরআই।

বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে ইতিহাস ভিত্তিক স্থাপনাগুলোয় ছবি তুলতে ব্যস্ত নেতা-কর্মী ও দর্শনার্থীরা। ছবি: সিআরআই।

ইত্তেফাক/আরএ