বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল।
শুক্রবার দুপুর পৌনে ১টায় বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। শায়রুল কবির বলেন, অনিবার্য কারণে শুক্রবার বিকেলের সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। আগামীকাল শনিবার বিকাল ৫ টায় বৈঠক অনুষ্ঠিত হবে।
আরো পড়ুন : জন্মলগ্ন থেকে যারা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক ছিলেন
এদিকে শুক্রবার বিকেলে আওয়ামী লীগের সম্মেলনে বিএনপির কেউ যাবেন কি-না সে বিষয়টিও জানাতে পারেননি শায়রুল। তিনি বলেন, দলের কেউ যাবেন কি-না সেটি এখনো আমাকে জানানো হয়নি।
বৃহস্পতিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ চার নেতাকে আওয়ামী লীগের সম্মেলনের দাওয়াতপত্র দেওয়া হয়। সেদিন মহাসচিবসহ কয়েকজন নেতার সঙ্গে সাংবাদিকরা যোগাযোগ করলে তারা কেউ সম্মেলনে যাওয়ার বিষয়ে কিছু জানাননি।
ইত্তেফাক/ইউবি
