ঐক্যফ্রন্ট যুদ্ধাপরাধীদের হালাল করার চেষ্টা করছে :মেনন

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ০১:৫২

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী রাশেদ খান মেনন বলেছেন, যুদ্ধাপরাধীদের আবার হালাল করার চেষ্টা করছে ঐক্যফ্রন্ট। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নির্বাচনী প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নং ওয়ার্ডের উদ্যোগে প্রচারণা সভাটির আয়োজন করা হয়।

তিনি বলেন, ঐক্যফ্রন্ট যেখানে ইশতেহারে যুদ্ধাপরাধীদের বিচারের কথা উল্লেখ করেছে বিএনপি তাদের ইশতেহারে তা উল্লেখ করেনি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর অ্যাডভোকেট এম এ হামিদ খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ সামাদ, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মিসবাহ কামাল, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদ প্রমুখ।

ইত্তেফাক/নূহু