দিনাজপুরে শীতের পিঠা বিক্রির ধুম

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ২১:৪৩

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে পাড়া-মহল্লার পিঠার দোকানগুলো চলছে পিঠা বিক্রির ধুম। বিকাল ৫টা বাজতে না বাজতেই দোকানগুলোতে শুরু হয় পিঠা বানানোর কাজ। শীত যতই বাড়ছে আর এসব দোকানে ভিড় ততই বাড়ছে। ক্রেতাদের চাহিদাকে বিবেচনায় রেখে পিঠা বিক্রেতারাও পিঠা বানাতে হিমশিম খাচ্ছে।

দিনাজপুর শহরের নিমতলা, মালদাহপট্টি, বাহাদুর বাজার, মডার্ণ মোড়সহ বিভিন্ন জায়গায় শীতের সঙ্গে ফুটপাতে শোভা পাচ্ছে পিঠাপুলির দোকান। নানা ধরনের পিঠা তৈরি করলেও ভাপা ও চিতই পিঠা সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে বলে জানান এসব দোকানিরা। দুপুর গড়িয়ে বিকাল হওয়ার আগেই পিঠা বিক্রেতারা সাজিয়ে ফেলেন দোকান। সন্ধ্যার সঙ্গে সঙ্গে ক্রেতাদের সামনে তৈরি করা গরম পিঠাপুলি পরিবেশন করা হচ্ছে। প্রায় প্রতিটি দোকানেই সন্ধ্যার পরে ক্রেতাদের ভিড় বেড়ে যায়। অন্যদিকে পিঠাপুলি বিক্রি করে সংসার চালাচ্ছেন ফুটপাতের পিটা বিক্রেতারা।

পিঠা বিক্রেতা আক্কাস আলী জানান, চলতি সময়ে হাতে কাজ নেই। শীত এসেছে তাই সংসারের খরচ মিটাতে ফুটপাতে পিঠার দোকান দিয়েছি। দিনভর বাড়িতে চালের আটাসহ পিঠা তৈরি নানান সরঞ্জাম প্রস্তুত করে বিকালে দোকান চালু করি।