নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা
নাগেশ্বরীতে জমি নিয়ে সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার বিকালে নিহতের ছেলে বাদী হয়ে নাগেশ্বরী থানায় ৮ জনকে আসামি করে এ মামলা করেন।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের মন্নেয়ার পাড় শালমারা গ্রামে ৪ শতক একটি জমি নিয়ে ফকর উদ্দিনের ছেলে হযরত আলী (৬২), হানিফ আলী (৫৮), ইউনুছ আলীর (৫৫) মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার দুপুরে হযরত আলীর পরিবার ঐ জমিতে টিনের ঘর উঠাচ্ছে এমন খবর পেয়ে হানিফ আলী, তার স্ত্রী সুফিয়া বেগম (৫২) ও ছেলে ফজজুল হক (২৬) এতে বাধা প্রদান করে। এতে ক্ষিপ্ত হয়ে ইউনুছ আলীর ছেলে মিজানুর রহমান (৩০) ছোড়া দিয়ে হানিফ আলীর স্ত্রী সুফিয়া বেগমের মাথায় আঘাত করে। হানিফ আলী এগিয়ে এলে ইউনুছের ছেলে এনামুল হক (২৫) তাকে লাঠি দিয়ে আঘাত করে। এতে হানিফ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। পরে অসুস্থ অবস্থায় তাকে বাড়িতে নিয়ে গেলে কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।
অপরদিকে গুরুতর আহত অবস্থায় সুফিয়া বেগমকে চিকিত্সার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানেই তিনি চিকিত্সাধীন রয়েছেন। ঘটনার পরপরই পালিয়ে গেছেন হামলাকারীরা।
নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবীর মামলার সত্যতা নিশ্চিত করে বলেন আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
