খালিয়াজুরি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন
নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার হাওর উপজেলা খালিয়াজুরি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আসা-যাওয়ার পথে মাটি ভরাট কাজ শেষ না হওয়ায় এটি মুক্তিযোদ্ধাদের কোনো কাজে আসছে না। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের আওতাধীন সারা দেশের উপজেলায় মুক্তিযোদ্ধাদের জন্য চার তলাবিশিষ্ট কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্পের আওতায় খালিয়াজুরিতেও ভবন নির্মাণকাজ শুরু হয়। খালিয়াজুরি উপজেলা প্রকৌশল বিভাগ ২ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে এই ভবন নির্মাণের কাজে হাত দেয়। প্রায় দুই বছর আগে কাজ শুরু করা হয়। গত দুই বছরে মূল ভবন নির্মাণকাজ শেষ হলেও নিচের অংশে পানি থাকায় এবং মাটি ভরাটের কাজ শেষ না হওয়ায় এবং ভবনে যাওয়া-আসার মতো কোনো সুবিধা না থাকায় এই ভবন এখন পর্যন্ত মুক্তিযোদ্ধাদের কাছে হস্তান্তর করা সম্ভব হচ্ছে না। মুক্তিযোদ্ধারাও অফিসে বসতে পারছেন না।
খালিয়াজুরি উপজেলা প্রকৌশলী মো. আব্দুর রউফের সঙ্গে কথা বললে তিনি বলেন, ভবন নির্মাণের কাজ শেষ হলেও ভবনের নিচে মাটি ভরাটের কাজ বাকি রয়েছে। এই কাজের জন্য টেন্ডার প্রক্রিয়াও শেষ হয়েছে। খুব দ্রুত ভবনের নিচের অংশে মাটি ভরাটের কাজ করা হবে এবং পরে মুক্তিযোদ্ধাদের কাছে হস্তান্তর করা হবে। এই ব্যাপারে নেত্রকোনা জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের সাবেক কমান্ডার নুরুল আমিনের সঙ্গে কথা বললে তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বার বার তাগাদা দেওয়া হলেও ভবন নির্মাণের কাজ শেষ করা হচ্ছে না। ফলে মুক্তিযোদ্ধা ভবন ব্যবহারও করতে পারছেন না। তিনি অবিলম্বে মাটি ভরাটের কাজ শেষ করার জন্য দাবি জানান।
