সরাইলে ধর্ষণ-হত্যা মামলায় গ্রেফতার এক

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ২১:৪৬

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা 

সরাইল উপজেলার পশ্চিম কুট্টাপাড়া গ্রামের জয়নব আক্তার (১০) নামের চতুর্থ শ্রেণির এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় পুলিশ কানাই মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার পানিশ্বর ইউনিয়নের বড়ইবাড়ি গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। কানাই মিয়া পুলিশের কাছে ঘটনার দায় স্বীকার করেছে।

পুলিশ জানায়, গত সোমবার সন্ধ্যার পর জয়নব আক্তারকে কানাই মিয়া চকলেটের প্রলোভনে নিজঘরে নিয়ে ধর্ষণ করে হত্যার পর বাঁশঝাড়ে ফেলে রাখে। মঙ্গলবার সন্ধ্যার পর পুলিশ বাঁশঝাড় থেকে জয়নবের লাশ উদ্ধার করে। এ ঘটনায় জয়নবের মা ফেরদৌসী বেগম (৩৮) বাদী হয়ে মঙ্গলবার রাতেই অজ্ঞাত ব্যক্তির নামে সরাইল থানায় মামলাটি দায়ের করেন।

সরাইল থানার ওসি শাহাদত হোসেন বলেন, গ্রেফতারের পর কানাই মিয়া ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।