রাজশাহী গভ. ল্যাবরেটরী হাইস্কুলের দুই দিনব্যাপী সুবর্ণজয়ন্তী শুরু

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ২১:৪৭

স্টাফ রিপোর্টার, রাজশাহী

শুক্রবার থেকে শুরু হয়েছে রাজশাহী গভ. ল্যাবরেটরী হাইস্কুলের দুই দিনব্যাপী সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান। সকালে স্কুলটির বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে স্কুল প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তার মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। স্কুলের প্রধান শিক্ষক ও সুবর্ণজয়ন্তী উদ্যাপন অনুষ্ঠানের আহ্বায়ক মো. আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক ও  রাজশাহীর জেলা প্রশাসক হামিদুল হক। প্রথম দিনের কর্মসূচিতে আরো ছিল নৃত্য, গম্ভীরা, স্মৃতিচারণ,ক্যারিয়ার প্ল্যানিং, সাংস্কৃতিক অনুষ্ঠান, বাজেট বিবরণী ও ব্যান্ড শো। সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে প্রবীণ ও নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখর থাকে রাজশাহী গভ. ল্যাবরেটরী স্কুল ক্যাম্পাস।