একাডেমিক ও প্রশাসনিক কাজ ব্যাহত
মো. লুত্ফুর রহমান, কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা অঞ্চলের জাতীয়করণ হওয়া আটটি কলেজে কোনো অধ্যক্ষ নেই। এসব কলেজ চলছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে। এছাড়া এসব কলেজের চারটিতে নেই উপাধ্যক্ষও। এতে এসব কলেজের একাডেমিক ও প্রশাসনিক কাজকর্ম ব্যাহত হচ্ছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কুমিল্লা অঞ্চলের পরিচালক সোমেশ কর চৌধুরী জানান, কুমিল্লার চান্দিনা উপজেলার দোল্লাই নোয়াবপুর সরকারি কলেজ, সদর দক্ষিণ উপজেলার লালমাই সরকারি কলেজ, নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ, মুরাদনগরের শ্রীকাইল সরকারি কলেজ, চাঁদপুরের মতলব সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার ফিরোজ মিয়া সরকারি কলেজ, আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ ও কসবা আদর্শ সরকারি কলেজে কোনো অধ্যক্ষ নেই। এর মধ্যে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজে উপাধ্যক্ষ নুরুল্লাহ মজুমদার, চান্দিনার দোল্লাই নোয়াবপুর সরকারি কলেজে উপাধ্যক্ষ মো. আব্দুল মান্নান, মুরাদনগরের শ্রীকাইল সরকারি কলেজে উপাধ্যক্ষ মিয়া গোলাম সারোয়ার এবং মতলব সরকারি কলেজে প্রথমে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি অবসরে যাওয়ার পর থেকে কৃষিবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আবুল কালাম আল আজাদ দায়িত্ব পালন করছেন। এছাড়া চাঁদপুরের মতলব সরকারি কলেজ ও কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজ এবং কুমিল্লার লালমাই সরকারি কলেজ ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজে উপাধ্যক্ষ নেই। তবে জাতীয়করণ হওয়া কলেজগুলোতে শিক্ষা মন্ত্রণালয় পর্যায়ক্রমে অধ্যক্ষ নিয়োগ দিচ্ছে বলে জানান তিনি।
