হোসেন্দী ইউপির উপনির্বাচন
গজারিয়া (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
মুন্সীগঞ্জের গজারিয়ায় হোসেন্দী ইউপির উপনির্বাচনে সমর্থকদের মারধর ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাজী আক্তার হোসেন। শুক্রবার দুপুরে উপজেলার রঘুরচর বালু মাঠ এলাকায় তার নির্বাচনী ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলন হাজী আক্তার হোসেন বলেন, প্রতীক পাওয়ার পর বিধিসম্মতভাবে তিনি ও তার সমর্থকরা প্রচারণা চালাচ্ছিলেন। এর মধ্যে গত শুক্রবার রাতে জামালদী এলাকায় তার দুই সমর্থক জাহিদ (১৯) ও রায়হানকে (২০) পিটিয়ে আহত করে মনিরুল হক মিঠুর সমর্থকরা। এদিকে পৃথক ঘটনায় সামছুদ্দিন (৩৪) নামে তার আরেক সমর্থকের ওপরেও হামলার অভিযোগ করেন তিনি। দুটি ঘটনায় থানায় দুটি অভিযোগ দেওয়া হয়েছে।
এদিকে উপনির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচ জন প্রার্থীর মধ্যে ১৩ ডিসেম্বর প্রতীক বরাদ্দ করা হয়। এর মধ্যে মনিরুল হক মিঠু আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। বাকি প্রার্থীদের মধ্যে হাজী আক্তার হোসেন-মোটরসাইকেল, মমিন আলী-আনারস, কামাল সরকার-ঘোড়া, রাসেল মিয়া-চশমা প্রতীক পেয়েছেন। আগামী ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে আগামী ২৮ ডিসেম্বর মধ্যরাত থেকে শেষ হবে সকল প্রচার-প্রচারণা।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর ইউনিয়নটির চেয়ারম্যান মাহবুবুল হক মজনুর মৃত্যু হলে চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করা হয়।
