সংবাদ সংক্ষেপ

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ২১:৫১

কুমিল্লায় বিজিবি দিবস উদ্যাপন

কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় ৯ম বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস উদ্যাপন করা হয়েছে। কুমিল্লা কোটবাড়িস্থ বিজিবি সদর দফতরের শালবন মাল্টিপারপাস হলে গতকাল শুক্রবার দুপুরে আলোচনা সভা ও প্রীতিভোজের মাধ্যমে দিবসটি উদ্যাপন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিজিবি কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন। অনুষ্ঠানে ১০ বিজিবির লে. কর্নেল মো. গোলাম ফজলে রাব্বী, বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জেলার বিভিন্ন সামরিক-বেসামরিক প্রশাসনের পদস্থ কর্মকর্তারা এবং মহান মুক্তিযুদ্ধে এ বাহিনীর কুমিল্লা, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার শহিদ খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের পরিবার, জীবিত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গ অংশগ্রহণ করেন। প্রধান অতিথি ও সদ্য বর্ডার গার্ড বাংলাদেশ পদকপ্রাপ্ত কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের রক্তাক্ত প্রান্তরে প্রাক্তন ইপিআর ও বর্তমান বিজিবির অসামান্য অবদান ও গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। এ বাহিনীর দেশপ্রেম, বীরত্ব ও আত্মত্যাগের ইতিহাস জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।’

টেকনাফে বিজিবি দিবস উপলক্ষ্যে প্রীতিভোজ সম্পন্ন

 টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা কক্সবাজারের টেকনাফে বিজিবি দিবস উপলক্ষ্যে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে এক প্রীতিভোজ সম্পন্ন হয়েছে। শুক্রবার উক্ত প্রীতিভোজে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফয়সাল খান (পিএসসি), উপাধিনায়ক মেজর শরিফুল ইসলাম জোমাদ্দার, অপারেশন অফিসার মেজর রুবায়েত, টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল আলম। বিজিবি কর্তৃক অনুষ্ঠিত উক্ত প্রীতিভোজে জনপ্রতিনিধি এবং উপজেলায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

কাঠালিয়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপ্ত

কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা :কাঠালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ও বিজ্ঞান অলিম্পিয়াডের সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী অফিসার আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীনের সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম, উপজেলা প্রোগ্রাম অফিসার (আইসিটি) অতনু কিশোর দাস মুন, প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ, অধ্যাপক মো. আবদুল হালিম, শিক্ষক সমিতির সভাপতি সুশীল চন্দ্র মিস্ত্রি, শিক্ষার্থী তাসকিন তাহিরনা হূদমা, মুনতাহা ইসলাম, জিহাদ প্রমুখ।

গোনা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর রাণীনগরে ৩ নম্বর গোনা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গোনা ইউনিয়ন আওয়ামী লীগ এই সম্মেলনের আয়োজন করে। তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগের কর্মকাণ্ডকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে আগামী তিন বছরের জন্য অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিরোজকে সভাপতি, জাহাঙ্গির আলমকে সাধারণ সম্পাদক ও মীর কাশেম আপনকে দপ্তর সম্পাদক করে ৬৫ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। শুক্রবার দুপুরে বেতগাড়ী বাজার প্রাঙ্গণে গোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মুজিবর রহমানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইদ উদ্দিন মিশুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইসরাফিল আলম। উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও তার সব অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজয়নগরে বিজ্ঞান মেলা সমাপ্ত 

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা বিজয়নগর উপজেলা প্রশাসনের উদ্যোগে দুদিন ব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগারের সভাপতিত্বে ও সহকারী  শিক্ষা কর্মকর্তা আল মামুনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান সাবিত্রি রানি, শিক্ষা কর্মকর্তা মিলন কৃষ্ণ হালদার প্রমুখ।

নগরঘাটায় ‘সততা স্টোর’ উদ্বোধন

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা তালা উপজেলার নগরঘাটা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সততা স্টোরের উদ্বোধন শেষে প্রধানশিক্ষক আব্দুস সাত্তারের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সাইদুল আলম বাবলু ও দৈনিক পত্রদূত পত্রিকার প্রতিনিধি মো. মোজাফফর হোসাইন। এ সময় সব শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।