যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়াকে পরমাণু আলোচনা শুরুর আহ্বান চীনের

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ২১:৫৯

g রয়টার্স

যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে উত্তেজনা বাড়ার পরিপ্রেক্ষিতে যত দ্রুত সম্ভব দেশ দুটিকে আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছে চীন। পরমাণু ও মিসাইল কর্মসূচির কারণে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার উত্তেজনা বেড়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত বৃহস্পতিবার উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি বন্ধে বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিফেন বিগান চীনের উপ-পরাষ্ট্রমন্ত্রী লু ঝাওয়ির সঙ্গে বৈঠক করেন। দুই নেতা এ ব্যাপারে একসঙ্গে কাজ করার জন্য যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

গত সপ্তাহে দক্ষিণ কোরিয়া সফরকালে বিগান নতুন করে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা শুরুর কথা বলেন। কিন্তু উত্তর কোরিয়ার কাছ থেকে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি। গত সোমবার চীন ও রাশিয়া থেমে থাকা আলোচনা পুনরায় শুরুর জন্য উত্তর কোরিয়ার ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে।

উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে আলোচনা করতে ৮ অক্টোবর ওয়াশিংটনে বৈঠকে বসেন যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা। আমেরিকার পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে সংবাদমাধ্যম জানিয়েছে, দক্ষিণ কোরিয়া এবং জাপানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রে উত্তর কোরিয়ার বিশেষ প্রতিনিধি স্টিফেন বিগেন। এই আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। ওই বিবৃতিতে বলা হয়েছে, উত্তর কোরিয়াকে সম্পূর্ণ পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে সহায়তার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন তারা।