ইদলিব থেকে ৫০ হাজার শরণার্থী আসছে তুরস্কে :এরদোয়ান

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ২১:৫৯

 

সিরিয়ার চলমান যুদ্ধে ইদলিব প্রদেশে পালিয়ে আসা মানুষের সংখ্যা বাড়ছে। এ কারণে প্রদেশটি থেকে নতুন করে ৫০ হাজার সিরীয় তুরস্কে আসছে বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। বৃহস্পতিবার মালয়েশিয়ায় মুসলিম দেশগুলোর নেতাদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন তিনি। এ সময় সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলে শরণার্থীদের আশ্রয় দেওয়ার তুর্কি উদ্যোগে সমর্থন না দেওয়ায় মুসলিম নেতাদের সমালোচনা করেন এরদোয়ান। খবর আল জাজিরার

তুরস্কে বর্তমানে ৩৭ লাখ সিরীয় শরণার্থী রয়েছে। এই সংখ্যাকে বিশ্বের মধ্যে বৃহত্তম বলে বিবেচনা করা হচ্ছে। ইদলিব থেকে যদি আরো শরণার্থী তুরস্কে যায় তাহলে সে সংখ্যা আরো বেড়ে যাবে। আশঙ্কা করা হচ্ছে সামনে এ সংখ্যা আরো বৃদ্ধি পাবে। সাম্প্রতিক সময়ে ইদলিবে রাশিয়া ও আসাদ বাহিনীর হামলা জোরদার হওয়ার পর সেখান থেকে সাধারণ মানুষের চলে যাওয়ার সংখ্যা বাড়ছে। ইদলিবে বর্তমানে ৩০ লাখ লোক বাস করছে। মানুষ প্রাণভয়ে এখন ইদলিব ছেড়ে পার্শ্ববর্তী তুরস্কে যাওয়ার চেষ্টা করছে। তুর্কি প্রেসিডেন্ট বলেন, এ অবস্থায় ইদলিব থেকে আরো ৫০ হাজার মানুষ তুরস্কের দিকে আসছে। তিনি বলেন, বর্তমানে আমাদের এখানে প্রায় ৪০ লাখ সিরীয় শরণার্থী রয়েছে। এ সংখ্যা সামনে আরো বাড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।