স্পোর্টস রিপোর্টার
বঙ্গবন্ধু বিপিএলে শুরু থেকেই বড়ো বিদেশি তারকা ক্রিকেটারের অভাব ছিল। বিদেশি বড়ো নামের হাহাকার কিছুটা হলেও কমতে যাচ্ছে। রংপুর রেঞ্জার্সের হয়ে বিপিএল খেলতে আসছেন শেন ওয়াটসন। গতকাল সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের ম্যানেজার খন্দকার সাইদুল ইসলাম। তিনি বলেছেন, ‘ওয়াটসন ২৬ ডিসেম্বর আসছে। ঢাকায় তাকে পাওয়া যাবে। টুর্নামেন্টের বাকি সব ম্যাচ খেলবেন তিনি।’
হালের টি-২০ ক্রিকেটের সেনসেশন এই অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডার। সর্বশেষ আইপিএল ফাইনালেও চেন্নাই সুপার কিংসের হয়ে ৫৯ বলে ম্যাচজয়ী ৮০ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
শুরুতে খুলনা টাইগার্সের সঙ্গে কথা হয়েছিল ওয়াটসনের। শেষ পর্যন্ত পাকা কথা হয়নি। অবশেষে বিগ ব্যাশে খেলবেন না মনস্থির করায় রংপুর পাচ্ছে ৩৮ বছর বয়সি এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে। শেষ অবদি ঢাকায় আসলে বিপিএলে এটিই হবে ওয়াটসনের প্রথম অংশগ্রহণ। এর আগে কয়েকটি আসরে আসার কথা হলেও এই অজির খেলা হয়নি বিপিএলে।
যদিও ওয়াটসনের দল রংপুরের অবস্থা এখন করুণ। চার ম্যাচের সবকটিতে হেরে বসা রংপুরের ত্রাণকর্তা হতে পারবেন কিনা ওয়াটসন, সেটিই দেখার বিষয়।
