চলমান বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেটে স্থানীয় পেসারদের পারফরম্যান্সের প্রশংসা করলেন অস্ট্রেলিয়ার সাবেক খেলোয়াড় ব্র্যাড হগ। এবারের ‘বঙ্গবন্ধু’ বিপিএলে ধারাভাষ্যকার হিসেবে বাংলাদেশের এসেছেন তিনি। বিপিএলে বাংলাদেশ পেসারদের পারফরম্যান্স মন কেড়েছে হগের, ‘বিপিএলের মাধ্যমে ভালো মানের পেসার খুঁজে পেতে পারে বাংলাদেশ। এখন পর্যন্ত অনেককেই দেখলাম ১৩৫ থেকে ১৪০ কিলোমিটারে বল করতে। এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য ইতিবাচক দিক। ভালো মানের ও মেধাবী বোলার খুঁজে পেতে সুবিধা হবে বাংলাদেশের।’ বিপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে হগের। ২০১২ সালে বিপিএলের প্রথম আসরে সিলেট রয়্যালসের জার্সিতে খেলেছিলেন তিনি। ৭ ম্যাচ খেলে বল হাতে ৩ উইকেট নিয়েছিলেন হগ।
