টটেনহ্যামে ফিরতে পারেন পচেত্তিনো!

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ২২:০১

স্পোর্টস ডেস্ক

টটেনহ্যাম হটস্পার মরিসিও পচেত্তিনোর সঙ্গে পাঁচ বছরের সম্পর্কের ইতি টেনেছিল গেল মাসেই। এক মাস না ঘুরতেই ক্লাবটির চেয়ারম্যান ড্যানিয়েল লেভি জানালেন অদূর ভবিষ্যতেই ক্লাবটির কোচের পদে ফিরতে পারেন আর্জেন্টাইন এই কোচ!

পচেত্তিনোর অধীনে শেষ পাঁচ বছরে কোনো শিরোপা না জিতলেও চ্যামিপয়ন্স লিগে নিয়মিতই খেলেছে টটেনহ্যাম। শেষবার তো খেলেছিল ফাইনালও। তবে চলতি মৌসুমের শুরু থেকেই বাজে পারফরমেন্সের খেসারত দিয়ে শেষমেশ পয়েন্ট টেবিলের ১৪-তে গিয়ে ঠেকেছিল দলটির অবস্থান। যারই জেরে গেলো নভেম্বরে সাবেক আর্জেন্টাইন ডিফেন্ডারকে কোচের পদ থেকে সরিয়ে দেয় ক্লাবটি। ২৪ ঘণ্টা পর সাবেক চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হোসে মরিনহোকে কোচ হিসেবে নিয়োগ দেয় স্পার্সরা। তবে সমপ্রতি ইভেনিং স্ট্যান্ডার্ডকে দেওয়া এক সাক্ষাত্কারে পচেত্তিনোকে নিয়ে দলটির চেয়ারম্যান লেভির মন্তব্য নতুন করে গুঞ্জনের জন্ম দিচ্ছে। পচেত্তিনোকে কখনো ফেরাবেন কি না এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন,‘কেন নয়? কোনো কিছুর ব্যাপারেই দরজা একেবারে বন্ধ করে দেই না।’

টটেনহ্যামকে পয়েন্ট তালিকার মধ্যম সারির দল থেকে শীর্ষস্থানীয় দল বানানোর কারিগর পচেত্তিনোর এমন বিদায় চাননি লেভি নিজেও। তিনি বলেন,‘এমন কিছু কখনোই চাইনি আমি। ব্যক্তিগতভাবে এটা অবিশ্বাস্যভাবে কঠিন ছিলো। আমি ব্যাপারটা তাকে বুঝিয়েছি এবং সে বুঝেছে। এটা ব্যক্তিগত কিছু নয় মোটেও।’ পচেত্তিনোর অধীনে পাঁচটা বছরকে দারুণ হিসেবেই দেখছেন লেভি, ‘আমি অতীত বিশ্লেষণ করতে চাই না, এটা ফলপ্রসূও হবে না। মরিসিও দারুণ কাজ করেছে, আমরা তার প্রতি কৃতজ্ঞ। ভবিষ্যতের জন্যে আমি তাকে শুভকামনা জানাই। তার সঙ্গে এখনো যোগাযোগ হয় আমার। তার সঙ্গে আমার সম্পর্ক বেশ ভালো। শুধু তখন ব্যাপারটা এমন পর্যায়ে পৌঁছেছিল তখন বিচ্ছেদের কথা ভাবতে হয়েছিল আমাদের।’

টটেনহ্যাম থেকে চাকরিচ্যুত হবার পর আর্জেন্টাইন এই কোচকে নিয়ে ম্যানচেস্টার সিটি-আর্সেনালের মতো ক্লাবে যোগ দেওয়ার গুঞ্জনও নতুন করে মাথাচাড়া দিচ্ছে ইউরোপীয় সংবাদ মাধ্যমে। লেভির আশাবাদ, খুব শিগগিরই আরো বড়ো ক্লাবে কাজ করার সুযোগ আসবে পচেত্তিনোর সামনে, ‘এবং আমি নিশ্চিত যে সে আরো শক্তিশালী হয়ে ফিরে আসবে এবং আরো বড়ো ক্লাবে কোচিং করানোর সুযোগ পাবে সে।’

নতুন কোচ মরিনহোর অধীনে অবস্থার উন্নতি হয়েছে টটেনহ্যামের। চতুর্থ স্থানে থাকা চেলসি থেকে কেবল তিন পয়েন্টে পিছিয়ে আছে দলটি, যাদের বিপক্ষে বড়োদিনের আগে শেষ ম্যাচে আগামীকাল রবিবার মুখোমুখি হবে তারা। লেভি জানালেন বিকল্প হিসেবে মরিনহোই প্রথম পছন্দ ছিলেন তার। এখন পর্যন্ত কোচের কাজে সন্তুষ্টিও প্রকাশ করেছেন তিনি, ‘মরিসিও আর হোসে দুজনই দারুণ কোচ। মরিসিও বেশ ভালো কাজ করেছিল। এবং আমি নিশ্চিত হোসেও এমনই কিছু ভিন্ন উপায়ে করে দেখাবেন। তারা দুজনেই আলাদা, ভিন্ন ভিন্ন ধরন তাদের। তবে মরিসিও আমাদের অনেক লম্বা একটা পথই পার করিয়েছেন।’