স্পোর্টস ডেস্ক
দলের সাবেক মিডফিল্ডার মিকেল আর্তেতা আর্সেনালের কোচ হয়ে আসছেন, ব্যাপারটা নিশ্চিত হয়ে গিয়েছিল আগের দিনই। গতকাল শুক্রবার তাকে আনুষ্ঠানিকভাবে কোচ হিসেবে চুক্তিবদ্ধ করেছে আর্সেনাল। গানারদের সঙ্গে তার চুক্তির মেয়াদ সাড়ে তিন বছর। দলটির সাবেক কোচ উনাই এমেরির চাকরি যাওয়ার পর থেকেই গুঞ্জন ছিল আর্তেতার আর্সেনালে আসার। মাঝে অন্তর্বর্তীকালীন ভিত্তিতে ফ্রেডি লিয়নবার্গ দায়িত্ব পান। তবে আর্তেতার আর্সেনালে আসার গুঞ্জন একটুও স্তিমিত হয়নি এর ফলে। শেষমেশ সেটাই সত্যি হলো।
গত বৃহস্পতিবার সাবেক ক্লাব ম্যানসিটির শিষ্য ও সহকর্মীদের কাছ থেকে বিদায় নিয়েছেন তিনি। আজ শুক্রবার ক্লাবটির কোচ হিসেবে উপস্থাপন করা হয় তাকে। পেপ গার্দিওলার সাবেক সহকারীকে সাড়ে তিন বছরের জন্যে কোচের দায়িত্ব দিয়েছে লন্ডনের দলটি। খেলোয়াড়ি জীবনে আর্সেনালে পাঁচ বছর খেলেছেন আর্তেতা। এ সময়ে দুটো এফ এ কাপ শিরোপা জিতেছেন তিনি। ২০১৬ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর থেকেই ম্যানচেস্টার সিটিতে গার্দিওলার সহকারী হিসেবে কাজ করেছেন।
