দেশ-বিদেশের অতিথিরা উপস্থিত ছিলেন কাল

চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের বর্ষপূর্তি উত্সবের সমাপনী আজ

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ২২:০৪

কামরুল ইসলাম, চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা

চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের আয়োজনে ৩০ বছর পূর্তি উত্সবের ৪র্থ দিন ছিল গতকাল। কনকনে শীত, হিমেল হাওয়া উপেক্ষা করে সকাল ১০টায় বিভিন্ন অঞ্চল থেকে ছোটো ছোটো শিশুকিশোররা উত্সবে আসতে শুরু করে। আয়োজকরা এর নাম দিয়েছিলেন ‘শিশু মেলা’। শিশুদের শিক্ষণীয় ছবি, বৈজ্ঞানিক ছবি, প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। ১১টায় শিশুকিশোরদের  বিনোদনের জন্য দেখানো হয় পুতুল নাচ।

বিকাল ৩টার পর ভারতের আসাম রাজ্যের ‘দলছুট শিলচরে’র পরিবেশনায় গণসংগীতে সরগরম হয়ে উঠে পুরো মাঠ। অসাধারণ গায়কী দেখান শিলচরের সংগীতশিল্পী সুদীপ্তা ভট্টাচার্য। এরপরই বরাক উপত্যকার সাংস্কৃতিক প্রতিনিধিদলকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এদিন বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধক্ষ্য অধ্যাপক মো. আব্দুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন অভিনেতা, পরিচালক, চিত্রশিল্পী ও নির্মাতা আফজাল হোসেন, নাট্যকার, ঔপন্যাসিক ও নাট্যনির্দেশক মাসুম রেজা, অভিনেত্রী সাধনা আহমেদ, ভারতের দৈনিক যুগশঙ্খ পত্রিকার সম্পাদক শ্রী অরিজিত্ আদিত্য, ভারতের শিলচরের ‘ভাষা শহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতির সাধারণ সম্পাদক ডা. রাজীব কর এবং চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন শামছু।

সন্ধ্যার পর জার্মানির ফ্রাংকফুর্ট থেকে আসা তাপসী রায়ের একক সংগীতানুষ্ঠান ও দেশ নাটক, ঢাকা মঞ্চনাটক পরিবেশন করে। সবশেষে বাংলাদেশের জনপ্রিয় শিল্পী কনকচাপা বেশকিছু বাংলা চলচ্চিত্রের গান ও লোকগান গেয়ে মুগ্ধ করেন হাজার হাজার দর্শককে।