ইতিহাস লেখার চেষ্টা ঠিক নয় ---হাসান আজিজুল হক

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ২২:০৭

রাবি সংবাদদাতা

‘ইতিহাস হয় না, ইতিহাস লেখার চেষ্টা করা ঠিক নয়’ বলে মন্তব্য করেছেন উপমহাদেশের প্রখ্যাত কথা-সাহিত্যিক হাসান আজিজুল হক। গতকাল শুক্রবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের দুই দিনব্যাপী চল্লিশ বছর পূর্তি উত্সবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হাসান আজিজুল হক বলেন, ‘ইতিহাস লিখতে গিয়ে অনেক ইতিহাস বাদ পড়ে ও অবান্তর কথা তার মধ্যে ঢুকে যায়। এজন্য ইতিহাস লেখা ঠিক নয়।’ তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যদি মাউন্ট এভারেস্টে উঠতে হয় তাহলে একেবারেই নিচের সিঁড়িতে পা দিতে হবে। এ কথা সকলকে মনে রাখতে হবে।’ চারুকলা অনুষদের ডিন অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া বলেন,‘দার্শনিকদের মতে ছবি আঁকা হচ্ছে একটা ইমিটেশন। রবীন্দ্রনাথ বলছেন, ‘মনের ভাব মানুষের গভীরে থাকলেও সেটি যখন কবিতায় লিখে বা অন্য কোনো মাধ্যমে প্রকাশ করা যায় না তখন ছবির মাধ্যমে সেটি প্রকাশ করা সম্ভব।’ চারুকলা অনুষদের শিক্ষক তাহমিদুর রহমান ও প্রাক্তন শিক্ষার্থী তাসফিয়া সুমাইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, শিল্পী তরুণ ঘোষ ও এম এ কাইয়ুম।