নতুন উদ্যমে ও নতুন পরিকল্পনায় বাংলা সাহিত্যকে বিশ্বের কাছে তুলে ধরার প্রত্যয় নিয়ে অনুষ্ঠিত হলো পেন বাংলাদেশের ৪৬তম সাধারণ সভা। বুধবার ধানমন্ডির ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে এই বার্ষিক সাধারণ সভা।
সাধারণ সভায় উপস্থিত ছিলেন পেন বাংলাদেশের নির্বাহী উপদেষ্টা কথাসাহিত্যিক কাজী আনিস আহমেদ, সভাপতি কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, কোষাধ্যক্ষ মোহাম্মদ আনিসুর রহমানসহ পেনের সহসভাপতিরা, নির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সদস্যরা। বার্ষিক সাধারণ সভায় প্রথমেই বরণ করে নেওয়া হয় নতুন সদস্যদের। এ বছর নতুন সদস্য হিসেবে পেন বাংলাদেশে যোগ দিয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক মোহিত উল আলম, কথাসাহিত্যিক হাইকেল হাশমী, অনুবাদক জ্যাকি কবির, কথাসাহিত্যিক পাঁপড়ি রহমান। —প্রেস বিজ্ঞপ্তি
