‘অর্থনীতির মূলস্রোতে নারীর অংশগ্রহণ ছাড়া লিঙ্গ বৈষম্য দূর করা সম্ভব নয়’

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ২২:১৮

ইত্তেফাক রিপোর্ট

‘অধিক উপার্জন করলেই নারীদের জীবনের গতিশীলতা বা ক্ষমতায়ন বেড়ে যায় না। যদিও বাংলাদেশে ৭ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধির তেজী অর্থনীতিতে নারীরা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হলেও বাংলাদেশের নারীদের জীবনের গতিময়তা কিংবা ক্ষমতায়ন বাড়েনি। বিশেষ করে যে সব নারী আয় বৃদ্ধির জন্য উদ্যোক্তা হিসেবে কিংবা বাজার ব্যবস্থার সঙ্গে যুক্ত তারা এখনো বাজারে প্রবেশাধিকারে এবং স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হচ্ছে’। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ‘চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিস ইন উইমেন এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট অ্যান্ড ডিসিশন মেকিং’ বিষয়ক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও অ্যাকশন এইড বাংলাদেশ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের টেকনিক্যাল প্রোগ্রাম ডিরেক্টর টনি মাইকেল গোমেজ বলেন, দক্ষিণ এশিয়া অঞ্চলে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ যার মাথাপিছু আয় ১ হাজার ৮৮৮ মার্কিন ডলার হলেও গ্রামাঞ্চলে তা আরো কম। অর্থনীতির মূলস্রোতে নারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া লিঙ্গ বৈষম্য দূর করা সম্ভব নয়।