হুমকির মুখে জনস্বাস্থ্য
মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে ডাক্তারি পরীক্ষা ও ছাড়পত্র ছাড়াই বাজারগুলোতে অবাধে বিক্রি হচ্ছে গরু, মহিষ ও ছাগলের মাংস। মানিকগঞ্জ সদরের পৌর এলাকার প্রায় সব বাজারেই প্রতিদিন মাংস ব্যবসায়ীরা গরু, মহিষ ও ছাগল জবাই করে বিক্রি করেন। প্রতিটি পশু জবাইখানায় জবাইয়ের কথা থাকলেও নিয়মনীতি না মেনে যত্রতত্র পশু জবাই করে আসছেন কসাইরা। নিম্নমানের অসুস্থ পশু জবাই হচ্ছে বাজারগুলোতে। এলাকার সচেতন মহল বলছে, এসব গবাদিপশুর বিভিন্ন জটিল রোগ থাকতে পারে। পরীক্ষা ছাড়া গবাদিপশু জবাই করা এবং বিক্রি করা আইনত দণ্ডনীয়। এ আইন অমান্য করে প্রকাশ্যে কিংবা লোকচক্ষুর আড়ালে বাজারগুলোতে জবাই হচ্ছে গবাদিপশু। সুমন নামের একজন ক্রেতা বলেন, জবাই পশুটি সুস্থ ছিল নাকি অসুস্থ ছিল আমরা তা জানি না। নিয়ম অনুযায়ী পশু জবাই করার আগে চিকিত্সক পরীক্ষা-নিরীক্ষা করে ছাড়পত্র দেবেন। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো ধরনের তত্পরতা দেখা যায় না। ফলে ক্রেতারা মানসম্পন্ন মাংস কেনা থেকে বঞ্চিত হচ্ছেন। পৌর শহরের বাসিন্দা ফয়সাল আহমেদ জানান, লোকজন মরা গরুর মাংস খাচ্ছে না কি রোগাক্রান্ত গরু-মহিষের মাংস খাচ্ছে, তা বোঝার কোনো উপায় নেই।
মানিকগঞ্জ পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর জসিমউদ্দিন বলেন, আমি ভোরে পৌরসভার নির্দিষ্ট জবাইখানা পরিদর্শন করি। সেখানে যে কয়টি গরু, ছাগল আসে সেগুলো আমি ও প্রাণিসম্পদ কর্মকর্তার প্রতিনিধি মিলে স্বাস্থ্য পরীক্ষা করে জবাই করার অনুমতি দেই। কিন্তু ব্যবসায়ীরা আমাদের অগোচরে পশুর স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই মাংস বিক্রি করে। এ ব্যাপারে তিনি প্রশাসনের আরো বেশি নজরদারি দাবি করেন।
