দেশের সম্পদ লুটপাট করে কাউন্সিল করছে আওয়ামী লীগ:খসরু

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ০০:৪২

দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করে আওয়ামী লীগ জাতীয় কাউন্সিল করছে বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ তাদের দলের কাউন্সিল করছে, আমরা তাদের দল হিসেবে স্বাগত জানাই। কিন্তু কিসের জন্য এই কাউন্সিল, কার কাউন্সিল? যেখানে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। জোরপূর্বক ক্ষমতা দখল করে অব্যাহতভাবে দেশবিরোধী কাজ করে দেশের টাকা লুটপাট করে দিনের পর দিন ক্ষমতায় বসে আছে, সেখানে কী কাউন্সিল হচ্ছে তাদের। গতকাল শুক্রবার রাজধানীর ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনা এবং আজকের বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আয়োজক সংগঠনের উপদেষ্টা ড. কাজী মনিরুজ্জামান মনির সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, বিলকিস ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন আহমেদ প্রমুখ।