দেশে বিশ্বখ্যাত ব্র্যান্ডের প্রযুক্তিপণ্য বিপণন করবে টগি

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ২০:৫৫

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা দেশ ও সমাজকে তথ্যপ্রযুক্তিতে সমৃদ্ধ করতে কাজ করছে বলে জানিয়েছেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও টগি সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান।

বৃহস্পতিবার ‘চেঞ্জ দ্য গেম ভিশন-২০২০’ শিরোনামে টগি সার্ভিসেস লিমিটেড তার চ্যানেল পার্টনারদের নিয়ে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এক অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে দেশের শিল্প খাতে বিশেষ অবদানের জন্য সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তির সম্মাননা সিআইপি পাওয়া সাফওয়ান সোবহান এ কথা বলেন। তিনি বলেন, ‘চেঞ্জ দ্য গেম ভিশন-২০২০ উদ্যোগের মাধ্যমে টগি সার্ভিসেস লিমিটেড তার চ্যানেল পার্টনারদের সহযোগিতায় বিশ্বখ্যাত ব্র্যান্ডের কম্পিউটার ও আইটি অ্যাকসেসরিজ বিপণন করে থাকে। আমরা সম্মিলিতভাবে এই উদ্যোগকে আগামীর পথে নিয়ে যেতে চাই।’ তিনি আরো বলেন, ‘টগি সার্ভিস বিশ্বাস করে, কম্পিউটার ও আইটি অ্যাকসেসরিজের ব্যবসা কেবলই অর্থ অর্জন কার্যক্রম নয়, দেশকে ডিজিটাল রূপান্তরেও এর কার্যকর ভূমিকা থাকবে। আমরা আমাদের সুদক্ষ সার্ভিস টিমের মাধ্যমে কম্পিউটার ও আইটি অ্যাকসেসরিজ ব্যবসার ধরন পালটে দিতে চাই। বিশ্বনন্দিত বিভিন্ন ব্র্যান্ড ও নির্ভরযোগ্য ওয়ারেন্টি সার্ভিসের মাধ্যমে এবং পার্টনারদের সহযোগিতায় সর্বশেষ ধাপের গ্রাহকের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠতে চায় টগি সার্ভিসেস লিমিটেড।’

‘দেশের সব প্রান্তে প্রযুক্তি-সুবিধার বিস্তার ঘটিয়ে সমাজের অগ্রগতি ও মুক্তির ব্যবস্থা করতে চাই’ উল্লেখ করে সাফওয়ান সোবহান বলেন, ‘সমাজ ও রাষ্ট্রকে প্রযুক্তিসমৃদ্ধ করতে চায় টগি সার্ভিসেস লিমিটেড। আমাদের এই অভিযাত্রায় আপনারা সবাই আন্তরিক সহযোগিতা অব্যাহত রাখবেন বলে আমাদের বিশ্বাস। আপনাদের সহযোগিতা পেলে লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে টগি সার্ভিসেস।’

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি মো. সাহিদ-উল মুনির, সাবেক সভাপতি ও বর্তমান পরিচালক প্রকৌশলী সুব্রত সরকার প্রমুখ।