গতানুগতিক ইমেজ ভেঙেছেন নিশো
রোমান্টিক হিরো হিসেবে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় মুখ আফরান নিশো। তবে নিজের গতানুগতিক ইমেজ ভেঙে এই বছর বেশ কয়েকটি নাটকে তাকে ভিন্ন চরিত্রে দেখা গেছে। নাটকের বর্তমানে একঘেঁয়েমি গল্প ও রোমান্টিক নাটকে ঘুরে-ফিরে একই মুখ নিয়ে যেখানে বিভিন্ন সময় সমালোচনা তৈরি হয় সেখান থেকে অনেকটাই দূরে নিশো। তবে বর্তমানে ভক্তদের চাহিদা বড়পর্দায় নিশোকে দেখা। এ বছর এমন কোনো সুখবর নিশো না দিলেও আগামীবছর বড়পর্দায় নিশোর অভিষেকের সম্ভাবনা রয়েছে।
রোমান্টিক নাটকের বেড়াজালে অপূর্ব
ক্যারিয়ারের শুরু থেকেই ছোটপর্দার রোমান্টিক হিরো হিসেবে পরিচিত জিয়াউল ফারুক অপূর্ব। এত বছরেও সেই ইমেজ এখনও ভাঙতে পারেননি এই অভিনেতা। চলতি বছরটাও ছিল তেমনই। নাটকের সংখ্যাটা শীর্ষ তালিকায় থাকলেও রোমান্টিক ইমেজেই টিকে আছেন। তবে এ বছর কয়েকটি নাটক দিয়ে বেশ আলোচনায় এসেছেন তিনি। ভক্তদের প্রত্যাশা আরো ভিন্ন গল্পের নাটকে দেখা যাবে তাকে। ক্যারিয়ারে একটি সিনেমার পর আবারো ঘুরে এখন নাটকেই থিতু হয়েছেন অপূর্ব।
পর্দা ও পর্দার বাইরে আলোচিত তাহসান
এই বছর পুরোটাই আলোচনায় ছিলেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। ‘যদি একদিন’ সিনেমার মধ্য দিয়ে অভিষেক হয় বড়পর্দায়। সেখানে যেমন বেশ আলোচনায় আসেন তেমনি নাটক নিয়েও বেশ আলোচনায় ছিলেন তিনি। ব্যক্তিজীবন নিয়েও খবরের শিরোনামে এসেছেন। কখনো নিজেকে নিয়ে, কখনো প্রাক্তন স্ত্রী মিথিলাকে নিয়ে। যেগুলো মুখরোচক খবর হিসেবে প্রকাশ পায়। তবে যাই হোক, ২০১৯ তাহসানের অভিনয় ক্যারিয়ার একদিকে সমৃদ্ধ হয়েছে, অন্যদিকে গান তাহসানের উপস্থিতি ছিল কম।
পর্দায় বেশি কিন্তু প্রচারে কম
নাটকে মনোযোগী শামীম
ইউটিউবার হিসেবেই পরিচিতি পান শামীম হাসান সরকার। এরপর ছোটপর্দাতেও দেখা যায় তাকে। তবে এই বছরটা শামীমের জন্য ছিল কিছুটা ভিন্ন। অনেক সফলতা যোগ হয়েছে বিদায়ী এই বছরে। ইউটিউবের চেয়ে নাটকে মনোযোগী হয়েছেন তিনি। একদিকে যেমন ক্যারিয়ারের সর্বোচ্চ নাটক প্রচার হয়েছে, অন্যদিকে বিভিন্ন চরিত্রে শামীমকে দেখেছেন দর্শকরা। তার অভিনয়ের মুন্সিয়ানাও মুগ্ধ করেছে দর্শকদের। তবে ইউটিউবেও পিছিয়ে নেই তিনি। তার ইউটিউব চ্যানেল ‘ম্যাঙ্গো স্কোয়াড’-এর ১০ লক্ষ সাবস্ক্রাইবার হয় এ বছরই। এরপর থেকে ইউটিউব কন্টেন্ট নিয়েও নিয়মিত হয়েছেন। সফলতার সঙ্গেই এ বছর শেষ করলেন শামীম।
ক্যারিয়ারে মোড় ঘুরেছে পলাশের
অভিনেতা হিসেবে বেশ কয়েকবছর আগে অভিষেক হলেও অনেকটা আলোচনার বাইরে ছিলেন অভিনেতা পলাশ। তবে এই বছরটা ছিল পুরোই ভিন্ন। ‘ব্যাচেলর পয়েন্ট’ ও ‘ফ্যামিলি ক্রাইসিস’ দুটি ধারাবাহিক নাটক দিয়ে শুধু যে আলোচনায় এসেছেন তা নয়, নিজের অভিনয়ের এক ধরনের আইডেন্টিটিও তৈরি করেছেন তিনি। ধারাবাহিক নাটকের পাশাপাশি একক নাটকেও অন্যতম জনপ্রিয় তিনি। ইউটিউবেও হিট পলাশের কন্টেন্ট। সর্বোচ্চ ভিউয়ের তালিকাতেও রয়েছেন তিনি। বলা যায়, এ বছর তার এই জনপ্রিয়তার প্রভাব পড়বে আগামীবছর। নতুন বছরে ক্যারিয়ার আরো সমৃদ্ধ হবে পলাশের।
