বছরের শেষ ছবি ‘মায়া:দ্য লস্ট মাদার’

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ২১:০০

 বিনোদন রিপোর্ট

 

বছরের শেষ শুক্রবার মুক্তি পাচ্ছে মাসুদ পথিক পরিচালিত সিনেমা ‘মায়া:দ্য লস্ট মাদার’। আশরাফুল আলম খোকনের লেখা ‘দুই জনম’ গানটি গেয়েছেন শিল্পী বিশ্বাস এবং সুর করেছেন মাসুদ পথিক।  সরকারি অনুদানে নির্মিত এই সিনেমাটি এই বছরের শেষ সিনেমা। এরইমধ্যে এই সিনেমার গান ইউটিউবে রিলিজ করেছে জি সিরিজ। এ উপলক্ষে সম্প্রতি বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়া জাহেদ মিলনায়তনে গানের প্রকাশনা উত্সব অনুষ্ঠিত হয়। ‘মায়া দ্য লস্ট মাদার’ সিনেমাটিতে রয়েছে ৮টি গান। যার মধ্যে রয়েছে ‘ডালিম গাছ’ শিরোনামের একটি গান। এটি গেয়েছেন মমতাজ। ‘মায়া রে’ গেয়েছেন ঐশী। গান দুটি সুর করেছেন যথাক্রমে প্লাবন কোয়াইশী ও ইমন চৌধুরী। ‘দুই কূলে’ ও ‘একলা মানুষ’ গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর করেছেন বেলাল খান। পড়শী গেয়েছেন ‘ওরে বন্ধু’ গানটি। এটি সুর করেছেন মুরাদ নূর। আর ৫টি গানই রচনা করেছেন পরিচালক মাসুদ পথিক। ‘চল হে বন্ধু’ লিখেছেন কবি কামাল চৌধুরী। ইমন চৌধুরীর সুরে কণ্ঠ দিয়েছেন বেলাল খান। হেদায়েত উল্লাহ আল মামুনের কথায় ‘জন্মভূমি’ গেয়েছেন কোনাল এবং সুর করেছেন তানভীর তারেক। ‘মায়া-দ্য লস্ট মাদার’ ছবিটি নির্মাণের জন্য ২০১৬ সালে সরকারের তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুদান দেওয়া হয়। সে বছরই কাজ শুরু হয়। কিন্তু নানা কারণে কাজ শেষ না হওয়ায় লেগে যায় ৩ বছর। সবশেষ গত ৩ ডিসেম্বর ছাড়পত্র পায় ২ ঘণ্টা ৩ মিনিট ৭ সেকেন্ডের ছবিটি।

সিনেমাটি প্রসঙ্গে পরিচালক মাসুদ পথিক বলেন, ‘অবশেষে সিনেমাটি মুক্তি পাচ্ছে, এটিই সবচেয়ে আনন্দের বিষয়। চেষ্টা করেছি নিজের সর্বোচ্চটা দিয়ে কাজ করার। আগামী শুক্রবার সিনেমাটি মুক্তি পাচ্ছে। মুক্তির আগে কয়টি হলে মুক্তি পাচ্ছে সেই বিষয়টি চূড়ান্তভাবে বলা যাবে। তবে সবাইকে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানাতে চাই। গল্প নিয়ে আমাদের যে আক্ষেপ থাকে সেটি এই সিনেমা দেখে দূর হবে আশা করি।’