আব্দুল্লাহপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ বকেয়া বেতন দাবি

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ২১:২০

ইত্তেফাক রিপোর্ট

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর আব্দুল্লাহপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। গতকাল শনিবার দুপুর ১২টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে বিকালে পুলিশ মালিক পক্ষের সঙ্গে বেতন পরিশোধের ব্যাপারে বৈঠকের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেন। এর পরই যান চলাচল স্বাভাবিক হতে থাকে। সাড়ে তিন ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকায় আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়তে হয়েছে বিভিন্ন যানবাহনের যাত্রীদের।

প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল্লাহপুরের টপ জিন্স নামে একটি তৈরি পোশাক কারখানায় তিন মাস ধরে শ্রমিকদের বেতন বকেয়া আছে। বকেয়া বেতনের দাবিতে গত এক সপ্তাহ ধরে কারখানার ভেতরে আন্দোলন করেও শ্রমিকরা বেতন পাননি। এ কারণে গতকাল দুপুর ১২টার দিকে আব্দুল্লাহপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ শুরু করেন। সাড়ে তিন ঘণ্টা সড়কে যানচলাচল বন্ধ থাকে। পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার নাবিদ কামাল শৈবাল বলেন, মালিক পক্ষের সঙ্গে শ্রমিকদের বৈঠকের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়।