মুগদায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে কিশোর খুন

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ২১:২১

ইত্তেফাক রিপোর্ট

মুগদার মান্ডা এলাকায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মাহিম রহমান নামে এক কিশোর খুন হয়েছে। একই ঘটনায় মনা নামে তার এক বন্ধু আহত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পুলিশ এ হত্যাকাণ্ডের ঘটনায় সাতজনকে আটক করেছে। গতকাল মাহিমের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে ময়নাতদন্ত সম্পন্ন শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, মাহিনের বাবার নাম জিয়াউর রহমান। বাসা যাত্রবাড়ি এলাকায়। তাদের গ্রামের বাড়ি গোপালগঞ্জে। মাহিমের বন্ধু মনার বাসা মান্ডার বালুরমাঠ এলাকায়। কিছুদিন ধরে মনার সঙ্গে একই এলাকার কিশোর রাকিব ও চাপার মধ্যে সিনিয়র-জুনিয়র নিয়ে দ্বন্দ্ব চলছিল। সপ্তাহখানেক আগে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। গত শুক্রবার বিকালে বন্ধু মাহিমকে মোবাইল ফোনে মান্ডার বালুরমাঠে ডেকে মনা। সন্ধ্যায় মনা ও মাহিমের ওপর প্রতিপক্ষের কিশোররা ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। মনা ও মাহিম ছুরিকাঘাতে আহত হয়। তাদের উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক মাহিমকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিত্সা শেষে মনা বাসায় ফেরে। এ ঘটনায় মাহিমের মা রোজিনা বেগম রোজি বাদী হয়ে রাকিব ও চাপাসহ আটজনকে আসামি করে মুগদা থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও মুগদা থানার এসআই মনিবুর রহমান সুজন বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহত মাহিমের ভাই রাহিন রহমান জানান, তারা দুই ভাইয়ের মধ্যে মাহিম বড়ো। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছে। ঘটনার দিন মান্ডায় কী কারণে মাহিম গিয়েছিল তা তাদের জানা নেই।