কার্টুনে নানা রঙের মানুষ

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ২১:২২

ইত্তেফাক রিপোর্ট

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে শুরু হয়েছে স্থপতি সাজিদ-বিন-দোজার ’নানান রঙের মানুষ’ শীর্ষক একক কার্টুন প্রদর্শনীর। শুক্রবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট কার্টুনিস্ট আহসান হাবিব। বিশেষ অতিথি ছিলেন কার্টুনিস্ট মেহেদী হক এবং কার্টুনিস্ট নাসরিন সুলতানা মিতু।

আমাদের চারপাশে আত্মীয়-স্বজন বন্ধু সুজন—কত চেনা মুখ। নগরায়ন ও  উন্নতির পেছনে ছুটতে গিয়ে মানুষের এই সম্পর্কের টান  ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে। ড. সাজিদ বিন দোজা মানুষের দৈনন্দিন জীবনের নানান অসঙ্গতিকে তুলে এনেছেন। তিনি তুলে এনেছেন ‘সামাজিক ব্যঙ্গচিত্র’। তিনি এই ঘিঞ্জি ঢাকা মহানগরীর রাস্তা, ফুটপাথ, গলি-তস্যগলিতে যতো মুখের মুখোমুখি হন, তার দর্শকদের সামনে তাদের পরিচয় তুলে ধরার চেষ্টা করেন, কখনো হয়তোবা একটুখানি ব্যাঙ্গের রেশ থাকে তাতে। এই মুখগুলো, তাদের চারপাশের উপাচারসহ রঙিন হয়ে ওঠে, আর উপযুক্ত পরিবেশ সংলগ্নতায় চরিত্রগুলো হয়ে ওঠে স্পন্দিত। তরুণ এবং প্রাজ্ঞ, উভয় প্রজন্মের দর্শকরাই সমানভাবে উপভোগ করতে পারেন এই কার্টুন, এক ধরনের একাত্মতা যেন সবাইকেই জড়িয়ে রাখে।

প্রদর্শনীটি চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। সোমবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে। রবিবার সাপ্তাহিক বন্ধ। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।