স্পোর্টস ডেস্ক
তিনবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী কোচ কার্লো অ্যানচেলোত্তি ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরছেন। এভার্টন জানিয়েছে তারা সাড়ে চার বছরের জন্য চুক্তি করিয়েছেন এসি মিলান, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ ও পিএসজির সাবেক এই কোচকে।
ইতালির এই কোচ সম্প্রতি ন্যাপোলিকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় তুললেও চাকরি হারান। মূলত ইতালির ঘরোয়া লিগে ক্লাবটির দুর্দশার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছিল ন্যাপোলি।
এভার্টনে তিনি মার্কো সিলভার স্থলাভিষিক্ত হলেন। ৬ ডিসেম্বর তাকে বরখাস্ত করেছিল গুডিসন পার্কের ক্লাবটি।
অ্যানচেলোত্তি সাড়ে আট বছর আগে চেলসি থেকে বরখাস্ত হওয়ার পর আবার ইংলিশ ফুটবলে ফিরছেন। উচ্ছ্বসিত এই কোচ টুইটারে নিজেই জানান,‘এভার্টন এফসিতে যোগদানের খবরটি শিহরনের সঙ্গেই সবাইকে জানাচ্ছি। প্রিমিয়ার লিগে এবং এই ঐতিহাসিক ক্লাবের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে আমি আনন্দিত।’
গতকাল আর্সেনালের বিরুদ্ধে নিজেদের মাঠে খেলাটির আগে এ খবর দেয় এভার্টন। এ খেলাটিতে মাঠে উপস্থিত ছিলেন অ্যানচেলোত্তি এবং আজ রবিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন তিনি। তার আসার আগে যিনি অন্তর্বর্তী কোচ হিসেবে কাজ করা ডানকান ফার্গুসন তার সহকারী হিসেবে ক্লাবটিতে থেকে যাবেন।
বর্তমানে ৬০ বছর বয়সি এই কোচের প্রথম দায়িত্ব হবে ২৬ ডিসেম্বর বার্নলির বিরুদ্ধে। আসন্ন দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা সমৃদ্ধ ইতিহাসের এক অসাধারণ ক্লাব। এদের আছে খুবই আবেগি সমর্থক গোষ্ঠী। মালিক এবং বোর্ডের তরফে ট্রফি এনে দেওয়ার জন্য পরিষ্কার রূপরেখা আছে। ক্লাবে সবার সঙ্গে কাজ করে এ রূপরেখাকে বাস্তবায়িত করার সম্ভাবনায় আমি শিহরিত।’
ইউরোপের সবচেয়ে বেশি রোজগেরে কোচদের একজন অ্যানচেলোত্তি নিজের ক্যারিয়ারে ১৫টি বড়ো ট্রফি জিতেছেন। লিভারপুল কিংবদন্তি বব পেইসলি ও রিয়াল মাদ্রিদের জিনেদিন জিদানের পর তিনিই হলেন তিনবার করে ইউরোপিয়ান কাপ কিংবা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী তৃতীয় কোচ।
তিনি এসি মিলানকেই দুবার চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছিলেন। তার অপর শিরোপাটি ছিল রিয়াল মাদ্রিদের হয়ে। এছাড়া ঘরোয়া লিগ জিতেছেন মিলান, চেলসি, পিএসজি ও বায়ার্নের হয়ে। ২০০৯-১০ মৌসুমে চেলসির হয়ে আবির্ভাবেই তিনি প্রিমিয়ার লিগ ও এফ এক কাপ জিতেছিলেন। কিন্তু পরের বছরেই কোনো ট্রফি না জেতায় তাকে বরখাস্ত করেছিল রুশ ধন কুবের রোমান আব্রামোভিচের দল চেলসি।
