‘নতুন মরিনহো’ নন ল্যাম্পার্ড

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ২১:২৭

টটেনহ্যামের মুখোমুখি চেলসি

 স্পোর্টস ডেস্ক

টটেনহ্যাম থেকে তিন পয়েন্টে এগিয়ে পয়েন্ট তালিকার চারে থাকা চেলসি আজ রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে নগর প্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হবে। তবে বড়োদিনের আগে দুই দলের শেষ ম্যাচ ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে এক সময়ের গুরু-শিষ্য হোসে মরিনহো ও ফ্রাংক ল্যাম্পার্ডের দ্বৈরথ। তবে চেলসি কোচ ল্যাম্পার্ডের অভিমত, লড়াইটা কেবল এ দুজনেরই নয়। তিনি আরো জানালেন সাবেক গুরুর ক্লোনও হতে চান না তিনি। চেলসিকে প্রথম দফা কোচিং করানোর সময় ল্যাম্পার্ডকে পেয়েছিলেন মরিনহো। পর্তুগীজ কোচের শিরোপাজয়ী দলের অবিচ্ছেদ্য অংশও ছিলেন ইংলিশ এই মিডফিল্ডার। খেলা ছেড়ে ডার্বি কাউন্টির কোচিং করিয়েছেন গেল মৌসুমে, এ সময়ে কারাবাও কাপে মরিনহোর ম্যানইউকে পেনাল্টি শুট আউটে হারিয়েছিল তার দল। এরপরই চেলসিতে এলেন ল্যাম্পার্ড। সাবেক গুরু মরিনহোর কোনো পদ্ধতি কোচিং জীবনেও প্রয়োগ করছেন কি না এমন এক প্রশ্নে  চেলসি কোচ বলেন, ‘না, একটা কিছুও নয়। তিনি একজন ভালো কোচ, অনেকগুলো ভালো গুণ আছে তার। কিন্তু তার মতো কিছু করা কিংবা তার ক্লোন হওয়ার কোনো চেষ্টাই করছি না আমি।’ তবে মরিনহোর মুখোমুখি হতে পেরে আনন্দিত ল্যাম্পার্ড, ‘হোসের বিপক্ষে যেতে পেরে আনন্দিত আমি। তার অধীনে খেলার সময়ে হোসের একটা বড়ো প্রভাব আমার খেলোয়াড়ি জীবনে ছিল। গত বছর ডার্বির হয়ে তার বিপক্ষে খেলাটা অনেক বড়ো একটা ব্যাপার ছিল আমার জন্যে। তার প্রতি সম্মানটা সবসময়ই আছে আমার।’ তবে দুজনের এ ‘পুনর্মিলনী’ কোনোভাবেই চেলসি-টটেনহ্যামের দ্বৈরথ ছাপিয়ে যাবে না, অভিমত ল্যাম্পার্ডের। চেলসি কোচ বলেন, ‘সবচেয়ে বড়ো ব্যাপারটা হচ্ছে চেলসি-টটেনহ্যাম ম্যাচ। এবং এটাই আমার এবং খেলোয়াড়দের কাছে গুরুত্বপূর্ণ।’

শেষ পাঁচ প্রিমিয়ার লিগ ম্যাচের চারটিতেই হেরেছে চেলসি। অন্যদিকে টটেনহ্যাম মরিনহো আসার পর পাঁচ ম্যাচ থেকে ১২ পয়েন্ট তুলে নিয়েছে। যদি আজ রাতে হ্যারি কেইনরা চেলসির মাঠ থেকে জয় নিয়ে ফিরতেই পারেন তবে মৌসুমে প্রথমবারের মতো লিগের শীর্ষ চারেও ঢুকে যাবে টটেনহ্যাম।

সামপ্রতিক ফর্ম কিংবা ম্যাচের আগে সমীকরণ দুটোই কথা বলছে চেলসির বিপক্ষেই। তবে ল্যাম্পার্ড মোটেও বিচলিত নন এতে। তিনি বলেন, ‘আমরা ভালো দল, বেশ ভারসাম্যপূর্ণও। অনুশীলনে দলকে ইতিবাচকই দেখেছি আমি, তারা কঠোর পরিশ্রম করছে। ফলাফলটা ফেরানো প্রয়োজন আমাদের কারণ শেষ কয়েকটা ম্যাচের ফল সন্তোষজনক ছিল না।’