নিরাপত্তাকেই বেশি গুরুত্ব দিচ্ছে বিসিবি

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ২১:২৮

পাকিস্তান সফর

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিয়ে দুই বোর্ডের কথা চালাচালি চলছে। গত সপ্তাহে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছিল, আগামী বছরের শুরুতে পাকিস্তানের মাটিতে শুধু তিনটি টি-২০ খেলবে বাংলাদেশ। আর দুটি টেস্ট নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চায় বাংলাদেশ। বিসিবির এমন অবস্থানের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে জানতে চাওয়া হয়েছে, কেন শুধু তিনটি টি-২০ খেলার কথা বলছে বিসিবি? দুই টেস্ট বাইরে আয়োজন সম্ভব নয় বলে জানিয়েছে পিসিবি।

গতকাল বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন সাংবাদিকদের বলেছেন, নিজেদের অবস্থান পরিষ্কার জানিয়ে দিয়েছে বিসিবি। নিরাপত্তার বিষয়টাকেই বেশি গুরুত্ব দিচ্ছে বিসিবি। বাংলাদেশ দলকে লম্বা সময় পাকিস্তানে রাখতে চায় না বিসিবি। সার্বিক বিষয়ে আইসিসির মতামতও নেওয়া হবে।

মিরপুর স্টেডিয়ামে গতকাল বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের দিক থেকে বিবেচনা করছে, আমরাও আমাদের অবস্থান পরিষ্কার জানিয়ে দিয়েছি।’

পিসিবি বলছে নিরাপত্তার ঘাটতি নেই পাকিস্তানে। কিন্তু বিসিবি নিরাপত্তাকেই বেশি গুরুত্ব দিয়ে পরিকল্পনা করছে। নিজামউদ্দিন চৌধুরী সুজন গতকাল বলেছেন, ‘এরই মধ্যে একটা সরকারি দল পাকিস্তান সফর করেছে এবং তাদের একটা রিপোর্ট পেয়েছি। এছাড়া বাংলাদেশ হাইকমিশনের সঙ্গেও যোগাযোগ হচ্ছে এবং নিরাপত্তার বিষয়টিকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি।’

কেন দুটি টেস্ট নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চায় বাংলাদেশ, তাও পিসিবিকে ব্যাখ্যা করেছে বিসিবি। নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘আমাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে (পিসিবি), আমরা চেষ্টা করছি তাদের বোঝাতে। তারাতো চাইবেই যে পুরো সিরিজটা খেলতে। আমরা আমাদের অবস্থান পরিষ্কার করেছি এবং কি কি কারণে চাচ্ছি না সেসব বিষয়গুলো আমরা বলেছি।’

বিসিবি শুরু থেকেই বলে আসছে লম্বা সময়ের জন্য পাকিস্তানে দল পাঠানো হবে না। দুই টেস্ট, তিন টি-২০ খেলতে অন্তত তিন সপ্তাহ সময় লাগবে। পিসিবি বলছে, টি-২০ খেলতে পারলে, টেস্ট কেন নয়।

সংক্ষিপ্ত ও লম্বা সময়ের সফরের মাঝে পার্থক্য বিবেচনা করছে বাংলাদেশ। বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, ‘এর মধ্যে বিভিন্ন কথা এসেছে, শর্টার ভার্শনে যেতে পারলে লঙ্গার ভার্শনে কেন না। আসলে নিরাপত্তা বিশ্লেষকরা বুঝতে পারবেন যে, একটা কম সময়ের জন্য থাকা আর লম্বা সময়ের জন্য থাকার মধ্যে কিছুটা হলেও পার্থক্য আছে।’

কঠোর নিরাপত্তা, নিরাপত্তার ভেড়াজালে থেকে ক্রিকেট খেলা সব মিলিয়ে কাজটা কঠিন মনে করে বিসিবি। সেই বিবেচনাতেই তিন টি-২০ খেলে ফেরার কথা বলেছে বিসিবি। নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘নিরাপত্তার বিষয়টাকে মাথায় রেখে আমরা নিরাপত্তা ও অন্যান্য বিষয়গুলা যে এসছে, একটা নির্দিষ্ট গন্ডির মধ্যে থাকতে হবে এবং কিছু সীমাবদ্ধতা থাকবে চলাফেরায়। তাই এই বিষয়গুলো বিবেচনা করেই আমরা এই ধরনের চিন্তাভাবনা করছি।’

পিসিবির মতে, নিরাপত্তা পরিকল্পনায় আইসিসির সবুজ সংকেত পেয়েছে তারা। এদিকে আইসিসির মতামতও নিবে বাংলাদেশ। বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘আন্তর্জাতিক ম্যাচগুলোতে আইসিসির অ্যাপয়েন্টমেন্ট হয়। সেক্ষেত্রে আমরা হয়তো আইসিসির সঙ্গেও যোগাযোগ করব এবং তাদের একটা স্বাধীন মতামত নেওয়ার চেষ্টা করব।’

তিন টি-২০ একই ভেন্যুতে খেলতে চায় বিসিবি। সেই চাহিদার কথাও পিসিবিকে জানিয়ে দিয়েছে বাংলাদেশ।