চুনারুঘাটে পাঁচ দিনব্যাপী সাহিত্য-সংস্কৃতি উত্সব সমাপ্ত

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ২১:৩৮

চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা

চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদের ৩০ বছর পূর্তি পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানের গতকাল শনিবার ছিল শেষ দিন। শিল্প-সংস্কৃতি-সংগ্রাম আমাদের যুদ্ধ অবিরাম, এই স্লোগানে মুখরিত হয়ে উঠে চুনারুঘাট দক্ষিণা চরণ হাই স্কুল মাঠ। তীব্র শীত উপেক্ষা করে হাজার হাজার সংস্কৃতিপ্রেমী মানুষের আগমন শেষ পর্ব অনুষ্ঠানের উদ্বোধক ঝুনা চৌধুরীসহ সকলকে অবাক করে।

বাংলাদেশ গ্রুপ থিয়েটার সাবেক সাধারণ সম্পাদক ঝুনা চৌধুরী বলেন, ৩০ বছর ধরে চলে আসা সংস্কৃতি উত্সব নিঃসন্দেহে দেশ-বিদেশের সাহিত্য সংস্কৃতি চর্চায় বিশাল ভূমিকা রেখে আসছে। আমি উত্তরোত্তর সাহিত্য সংস্কৃতি পরিষদের মঙ্গল কামনা করি। দেশ-বিদেশের অনেক জায়গায় আমি গ্রুপ থিয়েটারের কাজ করেছি কিন্তু চুনারুঘাটের এই বিশাল আয়োজনের ন্যায় কোথাও এরকম পারফরমেন্স দেখিনি।

জীবন সংকেত, গনসুর শিলচর ভারতের নাটক ছিল উল্লেখযোগ্য। এছাড়া নিশীথা বড়ুয়া, অঞ্জনা সরকার মনির গান মাতিয়ে তোলে পুরো মাঠ। নিশীতা বড়ুয়া গানের ফাঁকে ফাঁকে শিল্প-সংস্কৃতি-সংগ্রাম আমাদের যুদ্ধ অবিরাম আওয়াজে মুখরিত করে তুলেন। সাহিত্য সংস্কৃতি পরিষদের প্রযোজনায় নৃত্য ও গানের আয়োজন করা হয়। পরিশেষে চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদের অনুষ্ঠানে অংশগ্রহণকারী দল ভারতের চারটি রাজ্যের সাংস্কৃতিক সংগঠন দেশ-বিদেশের খ্যাতনামা সাংবাদিক, বুদ্ধিজীবীগণ, আইনশৃঙ্খলা বাহিনীসহ সকলকে সভাপতি সালেহ উদ্দিন, সাধারণ সম্পাদক বিদ্যুত্ রঞ্জন পাল ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।