রাজশাহী-ঢাকা রুটে রেলওয়ের আগাম টিকিট বিক্রি বন্ধ

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ২১:৩৮

শিডিউলে পরিবর্তন আসছে

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে রাজশাহী-ঢাকা রুটের আগাম টিকিট বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে। গত দুই দিন ধরে ট্রেনের আগাম টিকিট বিক্রি করা হচ্ছে না। এই স্টেশন থেকে আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত কোনো আগাম টিকিট পাওয়া যাবে না। ফলে ২৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রেলে ভ্রমণেচ্ছুরা আগাম টিকিট কাটতে পারছেন না। রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার আব্দুল করিম বলেন, গত দুই দিন ধরে আগাম টিকিট বিক্রি বন্ধ রয়েছে। এ সমস্যা সাময়িক। তিনি আরো বলেন, পহেলা জানুয়ারি থেকে পশ্চিমাঞ্চল রেলওয়ের টাইম শিডিউলে কিছুটা পরিবর্তন আসছে। এছাড়া পশ্চিমাঞ্চল রেলের ঢাকা-রাজশাহী রুটে চলাচলকারী প্রতিটি আন্তঃনগর ট্রেনের নতুন করে আসন বিন্যাস করা হচ্ছে। পরিবর্তন হচ্ছে বিভিন্ন ট্রেনের র্যাক। চূড়ান্ত আসন বিন্যাস হাতে পেলে আবারও রাজশাহী-ঢাকা রুটের আগাম টিকিট বিক্রি       শুরু হবে।