রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ২১:৩৯

মুক্তিযোদ্ধা তসলিম উদ্দিন চুন্নু

পিরোজপুরের কাউখালী সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জাতীয় পার্টির (জেপি) সাবেক যুগ্মসাধারণ সম্পাদক, মুক্তিযোদ্ধা তসলিম উদ্দিন চুন্নু (৬৭) হূদেরাগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে হঠাত্ কাউখালীর বাসভবনে অসুস্থ হয়ে তিনি মারা যান। তিনি স্ত্রী ও চার মেয়ে রেখে গেছেন।

গতকাল দুপুরে কাউখালী সরকারি বালক বিদ্যালয়ের মাঠে প্রথম জানাজা শেষে বাদ আসর সাবেক চেয়ারম্যানের লাশ কেউন্দিয়া গ্রামে নিয়ে আসা হয়। মরদেহ কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নিয়ে আসা হলে পুলিশের একটি চৌকস দল এই মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করে। সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। হাজার হাজার মানুষ জানাজায় অংশ নেন। উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ ছিলেন জানাজায়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তসলিম উদ্দিন চুন্নুর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করেছেন  জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান  আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং দৈনিক ইত্তেফাকের সম্পাদক  ও সাবেক সংসদ সদস্য তাসমিমা হোসেন। এছাড়া তার মৃত্যুতে উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. দেলোয়ার হোসাইন, উপজেলা জেপির সভাপতি মাহাবুবুর রহমান খান, সাধারণ সম্পাদক শাহ আলম নসু, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটনসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

 

মো. আবু সালেক মিয়া

পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার পূর্ব সোহাগদল গ্রামের মুক্তিযোদ্ধা মো. আবু সালেক মিয়া (৭০) শুক্রবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার বাদ আসর সোহাগদল কেপিইউ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় রাষ্ট্রের পক্ষে ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।