শীত পড়ায় বাড়ছে ভাপাপিঠার কদর

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ২২:০২

বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা

বদরগঞ্জে স্বল্প আয়ের ছিন্নমূল মানুষরা শীতের দাপটে কাতর হলেও স্বল্প পুঁজির রাস্তার ধারের ভ্রাম্যমাণ দোকানদারদের ভাপাপুলি আর গরম দুধ, ডিমের ব্যবসা চলছে রমরমা। গভীর রাত পর্যন্ত চলে তাদের এই ব্যবসা। সরেজমিনে বদরগঞ্জ পৌর শহরের মোড়ে মোড়ে ভ্রাম্যমাণ ভাপাপুলি, দুধ আর সিদ্ধ ডিমের দোকানগুলোতে গিয়ে এ চিত্রই চোখে পড়ে।  উপজেলার কালুপাড়া ইউপির ঢাঙ্গারপাড়া গ্রামের ভাপাপুলি বিক্রেতা ইয়ারুল ইসলাম জানান, ভাপাপুলি বিক্রি হয় সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত। প্রতি পিস পিঠা পাঁচ টাকা দরে বিক্রি হচ্ছে। যা থেকে প্রতিদিন আয় হয় কমপক্ষে ৬০০/৭০০ টাকা। উপজেলার মধুপুর ইউপির কাশিগঞ্জ গ্রামের দুধ ও ডিম বিক্রেতা আবু বক্কর সিদ্দিক জানান, দীর্ঘ ২১ বছর ধরে দুধ ও ডিমের ব্যবসা করছি। শীতকালে এই ব্যবসা বেশি জমে। ক্রেতা এত বেশি বেড়ে যায় যে, বসে থাকার সময় পাই না। প্রতি গ্লাস দুধ ১৫ টাকা ও প্রতি পিস ডিম ১০-১২ টাকায় বিক্রি হচ্ছে।

বদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট জানান, কনকনে শীতে এক শ্রেণির মানুষের দুর্ভোগ বেড়ে গেলেও রাস্তার ধারের এই সমস্ত ভাপাপুলি, দুধ, ডিমের দোকান ভালোই চলছে।