গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে শনিবার এক দিনেই ২ হাজার শিক্ষানবিশ চালককে সনদ প্রদান করা হয়েছে। গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন ও সনদ বিতরণ করেন। গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াসুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিরুন্নাহার ইউসুফ, বিআরটিএ গোপালগঞ্জ সার্কেলের পরিদর্শক সাঈদ সিদ্দিকসহ আরো অনেকে বক্তব্য রাখেন। গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে গোপালগঞ্জ সদর উপজেলা চত্বরে বিআরটিএ, স্বাস্থ্য বিভাগ, ব্যাংকসহ সব বিভাগের সহযোগিতায় হেল্পডেক্স, সত্যায়ন ডেক্স, রক্তের গ্রুপ শনাক্ত করণ বুথ, মেডিক্যাল বুথ, ক্যাশ কাউন্টার ও শিক্ষানবিশ লাইসেন্স প্রদান বুথ স্থাপন করে দিনব্যাপী এক ছাতার নিচে এসব সেবা প্রদান করা হয়। উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী নাহিদা হক ডলি বলেন, দিনের মধ্যে আবেদন করেই শিক্ষানবিশ চালক সনদ পেয়ে আমি খুবই খুশি। গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, আমরা মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি। এতে মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি।
