সেতুর ঢালাই ভেঙে যান চলাচল বন্ধ

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ২২:০৫

কলকলিয়া-তেলিকোনা সড়ক

জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা

উপজেলার কলকলিয়া-সাদিপুর-তেলিকোনা এলজিইডি সড়কের আটপাড়া হাই স্কুলের কাছে একটি সেতুর মাঝ অংশের ঢালাই ধসে পড়ায় সরাসরি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার ভোর রাতে ঐ সড়কের সেতুটির মাঝ অংশের অধিকাংশ স্থানের ঢালাই ভেঙে নিচে পড়ে যায়। এতে জগন্নাথপুর ও দিরাই উপজেলার স্থানীয় জনসাধারণ এবং শিক্ষার্থীরা চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে।

যাতায়াতকারী লোকজন সড়কের পাশ দিয়ে ধানি জমির ওপর দিয়ে হেঁটে চলাচল করছেন।

স্থানীয়রা জানান, গত কয়েক বছর আগে জেলা পরিষদের অর্থায়নে সেতুটি নির্মাণ করা হয়। এলজিইডি কর্তৃক সড়ক পাকাকরণ হওয়ার পর ভারী যানবাহন চলাচলের কারণে সেতুটি দুর্বল হয়ে পড়ে। এতে এক পর্যায়ে সেতুটির মাঝ অংশে ফাটল দেখা দেয়। ক্রমান্বয়ে সেতুটির ঢালাই অংশ খসে পড়তে থাকে। গত শুক্রবার ভোর রাতে সেতুর মাঝ অংশের পুরো ঢালাই ধসে পড়ে যায়।

ইউপি সদস্য আব্দুল হাসিম জানান, কলকলিয়া-সাদিপুর-তেলিকোনা সড়ক দিয়ে প্রতিদিন শত শত যানবাহন কলকলিয়া ইউনিয়নের আটপাড়া, বালিকান্দি, সাঙ্গিয়ারগাঁও, গলাখাই, সাদিপুর, কাদিপুর, মোল্লারগাঁও, জগদ্বীশপুর, শ্রীধরপাশা, কামারখাল, তেলিকোণা, কান্দারগাঁও, নোয়াগাঁও গ্রামসহ পার্শ্ববর্তী দিরাই উপজেলাসহ প্রায় অর্ধশতাধিক গ্রামের জনসাধারণ ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা সীমাহীন দুর্ভোগে পড়েছেন। উপজেলা ও জেলা সদরের সঙ্গে ঐ গ্রামগুলোর সরাসরি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এলজিইডির জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার জানান, সেতুটি পুনর্নির্মাণের জন্য জরুরি ভিত্তিতে দরপত্র আহ্বানের মাধ্যমে ঠিকাদার নিযুক্ত করা হয়েছে।