ভোলা প্রতিনিধি
নতুন প্রজন্মের মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যিক ও সাংস্কৃতিক অবদান ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে ভোলায় প্রথমবারের মতো শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন। এ উপলক্ষ্যে শনিবার সকালে নজরুল ইনস্টিটিউটের ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাংলাস্কুল মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব এম মোকাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার পুলিশ সুপার সরকার মো. কায়সার। আগামী ২৩ ডিসেম্বর পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সম্মেলন শেষ হবে।
