ভূমিবিরোধ নিষ্পত্তি আইন সংশোধন চেয়ে মানববন্ধন

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ২২:০৮

রাঙ্গামাটি প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধনের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। এ আইন সংশোধন না হওয়া পর্যন্ত কমিশনের সব কার্যক্রম স্থগিত রাখার আহ্বানও জানান নেতারা। শনিবার সকালে রাঙ্গামাটি বনরূপা বাজারে এ দাবিতে মানববন্ধন করা হয়। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের স্টিয়ারিং কমিটির সদস্য মোহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, স্টিয়ারিং কমিটির সদস্য অ্যাডভোকেট পারভেজ তালুকদার, মাওলানা আবু বক্কর, মো. শাহজাহান, মোরশেদা আক্তার। মানববন্ধন শেষে একটি বিক্ষাভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এদিকে খাগড়াছড়ি প্রতিনিধি জানান, খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। সংগঠনের নেতারা তাদের দাবি অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর শুনানি কার্যক্রম বন্ধ করা না হলে তা প্রতিহত করা হবে বলে ঘোষণা দিয়েছেন। শনিবার দুপুরে খাগড়াছড়ি পৌর শাপলা চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন করা হয়। এর আগে একটি বিক্ষোভ মিছিল জেলা শহরের পৌর ভবন গেইটের সম্মুখ থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের আহ্বায়ক ইঞ্জিনিয়ার আলক্বাছ আল মামুন ভূইয়া, যুগ্ম আহ্বায়ক আলমগীর কবীর, সদস্য সচিব পৌর কাউন্সিলর এস এম মাসুম রানা, আব্দুল মজিদ লোকমান হোসেন।